এলজিইডি’র ১৯৭ প্রকৌশলী পেলেন নির্বাহী দায়িত্ব
দীর্ঘদিনের জনবল ঘাটতি মোকাবেলায় ১৯৭ জন জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলীকে নির্বাহী প্রকৌশলীর শূন্য পদে চলতি দায়িত্ব প্রদান করলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২ এপ্রিল, বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারি সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলায় নিয়োজিত সিনিয়র সহকারি প্রকৌশলী বা উপজেলা প্রকৌশলীকে ‘নির্বাহী প্রকৌশলী (পুর) পদে ৫ম গ্রেডে শর্ত সাপেক্ষে চলতি দায়িত্ব দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শূন্য পদগুলোতে দ্রুত জনবল সংযুক্ত করে চলমান উন্নয়ন কার্যক্রমে গতি ফিরিয়ে আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য। দীর্ঘ সময় ধরে নির্বাহী প্রকৌশলীর বহু পদ খালি থাকায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি পরিলক্ষিত হচ্ছিল।
এলজিইডি দেশের অন্যতম বৃহৎ প্রকৌশল সংস্থা, যা স্বাধীনতার পর থেকেই গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সড়ক, সেতু এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, চলতি দায়িত্ব দেওয়ার এ সিদ্ধান্ত সাময়িকভাবে জনবল সংকট নিরসনে সহায়ক হবে এবং চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া আরও ত্বরান্বিত করবে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, “চলতি দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব প্রদান বিধিমালা, ২০২৩ অনুযায়ী এ ধরনের দায়িত্বকে পদোন্নতি হিসেবে ধরা হয় না। কেননা এই দায়িত্বের মেয়াদ সাময়িক। দায়িত্ব ৬ মাস পর্যন্ত বলবৎ থাকবে”
এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হলে ভবিষ্যতে স্থায়ী পদোন্নতির মাধ্যমে জনবল কাঠামো আরও শক্তিশালী করা সম্ভব হবে।
ডিবিটেক/ডিভিও/এমইউআইএম



