বুয়েটে দুইদিনের বিজ্ঞান উৎসবে পুরস্কৃত ১২৮ বিজয়ী

বুয়েটে দুইদিনের বিজ্ঞান উৎসবে পুরস্কৃত ১২৮ বিজয়ী
১৬ নভেম্বর, ২০২৫ ১৬:০১  

প্রোগামিং, রোবোটিক্স, সেমিনার, উদ্ভাবন প্রদর্শনীসহ বিভিন্ন আয়োজনে সারাদেশের শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো  দু'দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ও উৎসব- ইনোভার্স বাংলাদেশ ২০২৫।  উৎসবে রোবটিক্স, প্রোগ্রামিং, সায়েন্স অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, থ্রি মিনিটস রিসার্চ প্রেজেন্টেশন, ইনোভেশন এক্সপোসহ ১০টি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতার ১২৮ জন বিজয়ীকে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান। 

বুয়েটে ক্যাম্পাসে অনুষ্ঠিত এই উৎসবে ২২০০ জন প্রতিযোগী এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত ৪৫ টি প্রজেক্ট এবং ১৫টি স্টার্টআপ নিয়ে সাজানো হয় ইনোভেশন এক্সপো। 

আয়োজকরা জানান, দুইদিন মিলিয়ে প্রায় ২০ হাজারের মতো জনসমাগম হয়েছে ইনোভেশন এক্সপো ঘিরে। ইনোভেশন এক্সপোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স, নবায়নযোগ্য শক্তি, বায়োটেকনোলজি, যানবাহন প্রযুক্তি, মহাকাশ প্রযুক্তিসহ বিভিন্ন খাতে নির্বাচিত ৫০টি উদ্ভাবনী প্রযুক্তি এবং ২০টি প্রযুক্তিনির্ভর স্টার্টআপ প্রদর্শিত হয়।  প্রতিযোগিতা ও এওয়ার্ড ছাড়াও এই আয়োজনে শি-স্টেম ও নেদারল্যান্ডস এম্বাসির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ সেমিনার এবং স্কেচটক।  

উৎসবের সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠেছিলো ডায়নামিক এক্সপেরিয়েন্স জোন। সেখানে ছিলো- ভার্চুয়াল রিয়ালিটি, ই-স্পোর্টস, ড্রোন পাইলটিং, বিভিন্ন সিমুলেশনসহ প্রযুক্তিগত অভিজ্ঞতার বিস্তৃত আয়োজন। 

বাছাইকৃত ৪৫টি উদ্ভাবনী প্রজেক্ট থেকে সেরা ৩টি প্রজেক্ট পায় জুলাই শহীদ জাহিদুজ্জামান তানভীন স্মরণে শহীদ তানভীন ইনোভেশন এওয়ার্ড এবং ৩টি স্টার্টআপ পায় ইনোভেঞ্চার্স ভল্ট এওয়ার্ড। 

আয়োজকরা জানান,  বাংলাদেশের ১১০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকার শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট, গবেষণা ও স্টার্টআপ প্রদর্শন করছেন। বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, কুয়েট, চুয়েট, রুয়েটসহ দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতি উৎসবকে একটি জাতীয় প্ল্যাটফর্মে পরিণত করে।

বেসরকারি সংস্থা হোয়াইটবোর্ড ইনিশিয়েটিভসের উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের সহায়তায় বুয়েটে অনুষ্ঠিত হয় এই বিজ্ঞান ও প্রযুক্তি উৎসবটি। 

১৩ নভেম্বর সকাল ১০টায় দেশের অন্যতম বৃহৎ এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। ১৪ নভেম্বর পড়ন্ত বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।  অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন- মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস এর সম্মানিত ফেলো এবং বিশিষ্ট বিজ্ঞানী ড. হাসিনা খান, বাংলালিংক এর ডেপুটি সিইও জহরাত আদিব চৌধুরী, সিটি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাহসিন হক এবং জুলাইয়ের শহীদ জাহিদুজ্জামান তানভীনের পরিজনবর্গ৷ 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, তথ্যপ্রযুক্তি ও গবেষণা খাতে তরুণদের অংশগ্রহণ এবং উদ্ভাবন বাড়াতে অন্তর্বর্তী সরকার শুরু থেকেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। হোয়াইটবোর্ড ইনিশিয়েটিভস এর এই আয়োজন সরকারের এ ধরনের উদ্যোগগুলোকে সফল করতে ভূমিকা পালন করবে। 

এ বছরের ইনোভার্স বাংলাদেশের টাইটেল স্পন্সর সিটি ব্যাংক। এছাড়া সহ-স্পন্সর হিসেবে রয়েছে এম এইচ গ্রুপ, প্রাইম ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক পিএলসি।
ডিবিটেক/এইচবি/ইক