জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে টিভিইটি শিক্ষার বিকল্প নেই: এহছানুল হক মিলন

কারিগরি শিক্ষায় জোর দেবেন শিক্ষামন্ত্রী

  • দেশে আরও ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন ও ঢাকা পলিটেকনিককে মডেল প্রতিষ্ঠান করার ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী।
  • দক্ষ জনশক্তি গড়ে তুলে প্রবাসী আয় বাড়াতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
  • ড্যাফোডিল প্লাজায় আয়োজিত টিভিইটি বিষয়ক জাতীয় সংলাপে উপস্থিত ছিলেন শিক্ষা খাতের শীর্ষ বিশেষজ্ঞ ও কর্মকর্তাবৃন্দ।

কারিগরি শিক্ষায় জোর দেবেন শিক্ষামন্ত্রী
২৩ আগষ্ট, ২০২৬ ১৫:১১  

দেশের বিপুল জনসংখ্যাকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার (TVET) মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার ওপর জোর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থার গতানুগতিক মানসিকতা থেকে বেরিয়ে এসে কারিগরি শিক্ষাকে দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করতে হবে।

ধানমণ্ডির ড্যাফোডিল প্লাজা মিলনায়তনে আয়োজিত "A National Dialogue on TVET for a Skilled & Productive Bangladesh" শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জনসম্পদ রূপান্তর পরিকল্পনা বাস্তবায়নে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বিশ্ববাজারে দক্ষ পেশাজীবীদের ব্যাপক চাহিদার কথা তুলে ধরে মন্ত্রী জানান, দেশে নতুন করে আরও ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হচ্ছে। এছাড়া ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে একটি সর্বাধুনিক 'মডেল পলিটেকনিক' হিসেবে গড়ে তুলতে পৃথক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। বৈদেশিক মুদ্রা অর্জনের মূল চালিকাশক্তি প্রবাসী কর্মীদের দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে জাতীয় অর্থনীতি আরও সুদৃঢ় হবে বলে তিনি মত দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান এবং স্বাগত বক্তব্য দেন সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. মোঃ তরিকুল ইসলাম চৌধুরী।
//ডিবিটেক/এএমইডি/এমআইএস//