গত ১৭ বছরের দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন মন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে মঈন খানের হুঁশিয়ারি

  • স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গত ১৭ বছরের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মন্ত্রী।
  • বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে সেবা সংস্থাকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করেন তিনি।
  • দরিদ্রদের অধিকার নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালুর ওপর জোর দেওয়া হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে মঈন খানের হুঁশিয়ারি
২৩ আগষ্ট, ২০২৬ ১২:০৭  

বিগত ১৭ বছরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে সংগঠিত অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন নতুন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। রোববার সচিবালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই হুশিয়ারি দেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, "বিএনপি কোনো রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না; তবে দুর্নীতির বিষয়ে কোনো আপস করা হবে না এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।" বিগত সরকারের সময় অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে তিনি মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করে এর হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তারেক রহমানের নির্দেশনায় 'ফ্যামিলি কার্ড' ও 'কৃষক কার্ড'-এর মতো কল্যাণমুখী উদ্যোগ কার্যকর করা হবে বলে মন্ত্রী জানান। তিনি কর্মকর্তাদের স্মরণে করিয়ে দেন যে, ক্ষমতার প্রকৃত উৎস জনগণ এবং মন্ত্রণালয়ের কাজ হলো তাদের দ্বারে সঠিক সেবা পৌঁছে দেওয়া।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং সায়েন্টিস্ট ড. মঈন খান বলেন, অতীতের বিচার বিভাগীয় অনিয়ম দূর করে আমরা স্থানীয় সরকার ব্যবস্থাকে জনগণের সত্যিকারের গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী সংস্থায় রূপান্তর করতে চাই।
//ডিবিটেক/ ডিপিও/এসএমই//