উপাচার্যদের জন্য শুরু হচ্ছে প্রফেশনাল নলেজ শেয়ারিং প্রোগ্রাম

শিক্ষার্থীদের সফট স্কিল শেখাবে ইউজিসি

  • শিক্ষার্থীদের কর্মসংস্থান-উপযোগী করতে স্বল্পমেয়াদি সফট স্কিল প্রশিক্ষণ দেবে ইউজিসি।
  • কৌশলগত নেতৃত্ব ও সুশাসনে উপাচার্যদের জন্য নলেজ শেয়ারিং প্রোগ্রাম শুরু।
  • সহযোগী অধ্যাপক ও অধ্যাপকদের জন্যও সাত দিনের সক্ষমতা উন্নয়ন কর্মসূচি।

শিক্ষার্থীদের সফট স্কিল শেখাবে ইউজিসি
৯ জুলাই, ২০২৬ ১৪:৩৩  

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও কর্মসংস্থান-উপযোগী সক্ষমতা বাড়াতে স্বল্পমেয়াদি সফট স্কিল বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একই সঙ্গে উচ্চশিক্ষা প্রশাসনের আধুনিকায়নে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদের জন্য শুরু হচ্ছে ‘প্রফেশনাল নলেজ শেয়ারিং প্রোগ্রাম’।

৯ জুলাই, বৃহস্পতিবার  হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন বিষয়ে হিট প্রকল্প অফিসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই যুগান্তকারী উদ্যোগের কথা জানানো হয়।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে সভায় জানানো হয়, শিক্ষার্থীদের এই প্রযুক্তি ও জীবনমুখী প্রশিক্ষণে সফট স্কিল, নৈতিকতা ও মূল্যবোধ, কর্মসংস্থান-উপযোগী দক্ষতা এবং জীবনমুখী বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে। প্রশিক্ষণের মডিউল চূড়ান্ত করার আগে শিক্ষার্থীদের দক্ষতার ঘাটতি (স্কিল গ্যাপ) ও প্রকৃত প্রয়োজন নির্ধারণে একটি কারিগরি মূল্যায়ন পরিচালনা করা হবে। আগামী তিন মাসের মধ্যে এই কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হবে এবং পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সুশাসন উন্নয়নে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদের জন্য দুই দিনের ‘প্রফেশনাল নলেজ শেয়ারিং প্রোগ্রাম’ আগামী মাসেই শুরু হতে পারে। এতে কৌশলগত নেতৃত্ব, সুশাসন, বিশ্ববিদ্যালয় পরিচালনা এবং আধুনিক আর্থিক ব্যবস্থাপনাসহ উচ্চশিক্ষা প্রশাসনের বিভিন্ন ডিজিটাল ও প্রাতিষ্ঠানিক দিক নিয়ে আলোচনা হবে। বিশ্বের বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দেশের সাবেক উপাচার্যদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও অধ্যাপকদের জন্য সাত দিনের একটি একাডেমিক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি এবং দেশের উচ্চশিক্ষায় দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত ও কাঠামোগত সংস্কারের লক্ষ্যে ইউজিসির কৌশলগত পরিকল্পনা হালনাগাদ করার কাজ চলছে, যা চলতি মাসের মধ্যেই চূড়ান্ত করা হবে।

//ডিবিটেক/ আইএইচইউ/ এসআই//