নিয়ন্ত্রণের বদলে যথাযথ রেগুলেশন ও পেশাদারিত্বের ওপর জোর তথ্যমন্ত্রীর
তথ্য মন্ত্রণালয়ে নতুন দিকনির্দেশনা পার্থের
- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নিয়ন্ত্রণের বদলে দায়িত্বশীল রেগুলেশন ও সংস্কারের তাগিদ দিয়েছেন আন্দালিব রহমান পার্থ।
- সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ, ক্ষতির সংস্কার এবং নতুন ব্যবস্থা গড়ে তোলার কথা জানান তিনি।
- বিটিভি, বাসস ও বেতারসহ গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর অবকাঠামো ও আধুনিকায়ন দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে কঠোর নিয়ন্ত্রণের পথ এড়িয়ে নিয়মকানুন ও দায়িত্ব যথাযথভাবে রেগুলেশন (রীতিসিদ্ধ করা)-এর ওপর গুরুত্বারোপ করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই রূপরেখা তুলে ধরেন।
২৩ আগস্ট, রবিবার, সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে পৌঁছালে নতুন তথ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সরকারের সব উন্নয়নমূলক ও ইতিবাচক কর্মকাণ্ড সততা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে জনগণের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল দায়িত্ব।"
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কঠিন সময়ে সরকারের দায়িত্ব নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সংবাদমাধ্যমকে গণতন্ত্রের ভিত্তি হিসেবে টিকিয়ে রাখতে স্বাধীনতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। বিগত সময়ের ক্ষতি রিপেয়ার করা এবং কার্যকর 'নিউ সিস্টেম' গড়ে তোলাই মন্ত্রণালয়ের মূল লক্ষ্য বলে তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান সময়ে ভুয়া তথ্য, বিভ্রান্তি ও অপতথ্য (Misinformation & Disinformation) মোকাবিলা করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ জয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে আরও গতিশীল ও সৃজনশীল ভূমিকা রাখতে হবে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তার বক্তব্যে মন্ত্রণালয়ের আমূল পরিবর্তনের তাগিদ দেন। তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ বেতার এবং বিএফডিসিসহ আওতাধীন সংস্থাগুলোর আধুনিকায়ন ও পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুততার সঙ্গে বাস্তবায়নের নির্দেশ দেন। সভায় তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ ডিপিও/এসএমই//





