আউটসোর্সিং নীতিমালা নিয়ে ফেসবুক ভিডিওতে মন্তব্য করায় বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা
ফেসবুকে মন্তব্যের জেরে আইনি কর্মকর্তা বরখাস্ত
- সরকারি আউটসোর্সিং নীতিমালা নিয়ে ফেসবুক ভিডিওতে মন্তব্যের অভিযোগে আইনি কর্মকর্তা বরখাস্ত
- সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ অনুযায়ী আচরণকে 'অসদাচরণ' হিসেবে গণ্য করার সিদ্ধান্ত
- বরখাস্তকালীন বিধিমোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা মাছুম বিল্লাহ
অনলাইন সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত নিলো সরকার। এরই অংশ হিসেবে সরকারের বিদ্যমান আউটসোর্সিং নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় বিরূপ মন্তব্য করার অভিযোগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইন কর্মকর্তা মাছুম বিল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৬ সেপ্টেম্বর, রবিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়, মাছুম বিল্লাহ সরকারের বিদ্যমান আউটসোর্সিং নীতিমালার বিরুদ্ধে অনলাইন ভিডিওর মাধ্যমে বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর এই সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক কর্মকাণ্ড ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ২(খ) ধারা অনুযায়ী ‘অসদাচরণ’-এর পর্যায়ভুক্ত।
আদেশে আরও উল্লেখ করা হয়, উক্ত বিধিমালার ৩(খ) ধারা অনুযায়ী তিনি অসদাচরণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্বিক সামাজিক মাধ্যম নেটওয়ার্ক ব্যবহার ও সরকারি শৃঙ্খলার স্বার্থে বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী মাছুম বিল্লাহকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা আবশ্যক বলে কর্তৃপক্ষ মনে করেছে। সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
//ডিবিটেক/ এসপিও/সিএসএম//





