ফেসবুক পোস্টে
মোদির ঈদ শুভেচ্ছায় বন্ধুত্বে সদ্ভাবের প্রত্যাশা তারেক রহমানের
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো শুভেচ্ছা বার্তার জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৮ মে, বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মোদিকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান লিখেছেন, “ঈদুল আজহার এই আনন্দময় উপলক্ষে আমাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই। পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সদ্ভাবের ভিত্তির ওপর বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক আরো সুদৃঢ় হোক।”
তিনি আরও আশা প্রকাশ করেন, দুই দেশের জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকার ভারতীয় হাইকমিশনের বরাত দিয়ে পাঠানো এক বার্তায় মোদি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের শাশ্বত আদর্শকে ধারণ করে, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, “যৌথ আত্মত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পারস্পরিক আকাঙ্ক্ষার ভিত্তিতে ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে।” তিনি বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও পুনর্ব্যক্ত করেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দুই দেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বার্তা দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্ক ও আস্থার প্রতীক হিসেবেই দেখা হচ্ছে।
ডিবিটেক/এসআই/ ইকে



