মন্ত্রণালয়ে যোগ দিয়ে টিমে সমন্বয় ও কাজের গতি বাড়ানোর হুঁশিয়ারি নতুন মন্ত্রীর

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনালের সফট ওপেনিং ?

  • নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর সফট ওপেনিংয়ের পরিকল্পনা রয়েছে।
  • ঢাকা-নিউইয়র্ক রুট চালু ও পাবনা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সুবিধার্থে ঈশ্বরদী বিমানবন্দরে শীঘ্রই ফ্লাইট চালুর কথা ভাবছে সরকার।

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনালের সফট ওপেনিং ?
২৩ আগষ্ট, ২০২৬ ১১:৪৬  

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন এম রশিদুজ্জামান মিল্লাত। ২৩ আগস্ট, রবিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে তিনি মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তরসমূহের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "নতুন নেতৃত্বে আমরা একটি কার্যকর টিম গঠনের মাধ্যমে মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তরগুলোর কাজের গতি বৃদ্ধি করতে চাই।" সমন্বয়হীনতা দূর করতে তিনি প্রতি পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন সিভিল এভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ে স্বশরীরে অফিস করবেন বলে ঘোষণা দেন। প্রথাগত লালফিতার দৌরাত্ম্য (Conventional Bureaucracy) এড়িয়ে উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে কাজ করার তাগিদ দিয়ে তিনি স্পষ্ট জানান, ভালো কাজের জন্য পুরস্কার এবং খারাপ কাজের জন্য তিরস্কার থাকবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর সফট ওপেনিং করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এ উদ্দেশ্যে চুক্তি সম্পাদনে আগামী সেপ্টেম্বরে জাপানিজ কোম্পানির সঙ্গে চূড়ান্ত পদক্ষেপে যাওয়া হবে। পাশাপাশি আগামী বছরে বহুল আকাঙ্ক্ষিত ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু এবং বিমানের বহরে দ্রুত ১০টি লিজকৃত উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

আঞ্চলিক বিমানবন্দর সম্প্রসারণ প্রসঙ্গে মন্ত্রী জানান, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় সামগ্রী ও দ্রুত পরিবহন সুবিধার্থে ঈশ্বরদী বিমানবন্দরে শীঘ্রই ফ্লাইট চালু করা হবে। এছাড়া বগুড়া বিমানবন্দর নির্মাণের ফিজিবিলিটি স্টাডি চলছে, আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর আশা করা হচ্ছে এবং যশোর বিমানবন্দরে ফ্লাইট বাড়াতে ইউএস-বাংলার সঙ্গে আলোচনা চলছে।
//ডিবিটেক/টিএইচপি/এসএমই//