সমন্বিত ডিজিটাল চিকিৎসাসেবায় ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় ই-স্বাস্থ্য প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ

  • সমন্বিত ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা গড়তে ‘ন্যাশনাল ই-হেলth প্ল্যাটফর্ম’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় পাইলট প্রকল্প শুরুর নির্দেশ দেওয়া হয়।
  • তথ্যের নিরাপত্তা, গোপনীয়তা এবং সহজে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।

জাতীয় ই-স্বাস্থ্য প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ
২২ আগষ্ট, ২০২৬ ১৭:৫৩  

দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবাকে একটি আধুনিক ও সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে দেশের নির্দিষ্ট কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এর কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনা বিষয়ক এক উচ্চপর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে প্রস্তাবিত ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের কারিগরি রূপরেখা, পরিচালনা পদ্ধতি এবং চিকিৎসা ব্যবস্থায় এর প্রায়োগিক নানা দিক তুলে ধরে এক বিস্তারিত উপস্থাপনা দেন প্রকৌশলী জাকারিয়া স্বপন।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দেন, পাইলট প্রকল্পের অভিজ্ঞতা, সম্ভাব্য চ্যালেঞ্জ, ব্যয় ও কার্যকারিতা পর্যালোচনা করে পর্যায়ক্রমে সারা দেশে প্ল্যাটফর্মটির পরিধি বাড়াতে হবে। তিনি বলেন, “সমন্বিত এই ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হয়।” বিশেষ করে রোগীদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের নিরাপদ সংরক্ষণ ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং এটি যেন ব্যবহারযোগ্য ও দীর্ঘমেয়াদে পরিচালনাযোগ্য হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

উক্ত সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ও ড. শাকিরুল ইসলাম খান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/পিবিএন/এমএসআই//