চুয়েটে ওয়্যারলেস টেকনোলজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- চুয়েটে 'দ্যা এন্টেনা ওডিসি' শীর্ষক ওয়্যারলেস প্রযুক্তি বিষয়ক টেকনিক্যাল কর্মশালা অনুষ্ঠিত।
- শিক্ষার্থীদের উচ্চতর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে আন্তর্জাতিক গবেষণা জোরদারের তাগিদ।
- দেশ-বিদেশের স্বনামধন্য শিক্ষক ও বিশেষজ্ঞরা কর্মশালায় তথ্যভিত্তিক প্রযুক্তিবিষয়ক মতবিনিময় করেন।
ওয়্যারলেস নেটওয়ার্কিং, সিগন্যাল প্রোপাগেশন ও আধুনিক এন্টেনা প্রযুক্তির অগ্রগতি নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হয়েছে টেকনিক্যাল কর্মশালা "দ্যা এন্টেনা ওডিসি"। ১৭ আগস্ট (সোমবার) চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরের মিলনায়তনে ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) এন্টেনা এন্ড প্রোপাগেশন সোসাইটি চুয়েট চ্যাপ্টার এই বিশেষ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, আধুনিক ও উন্নত প্রকৌশল জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দেয় এ ধরনের প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে শিক্ষা ও গবেষণার পরিধি বিস্তৃত করতে আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিমান শিক্ষক ও গবেষকদের চুয়েটে সংযুক্ত করার পরিকল্পনা অব্যাহত রাখবে।
কর্মশালায় মূল বক্তা হিসেবে এন্টেনা ও ওয়্যারলেস প্রযুক্তির সর্বশেষ কারিগরি কৌশল তুলে ধরেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি-এর অধ্যাপক ড. কারু ইসেল্লে (Karu Esselle), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফয়েজ আহমেদ এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের প্রভাষক দেবপ্রসাদ দাস।
চুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের অধ্যাপক ড. মোঃ আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে চুয়েটের ইটিই ২২ ব্যাচের শিক্ষার্থী প্রিয়া দেব ও শাহরুখ খন্দকার সঞ্চালনা করেন। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে আন্তর্জাতিক গবেষকদের সমন্বয়ে শিক্ষা ও গবেষণার ক্ষেত্র প্রসারিত করার বিষয়ে জোর দেওয়া হয়।
//ডিবিটেক/এইএম/এমআইএস//





