ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ফাইন চালু

  • ✦ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক অটো ফাইন সিস্টেমের শুভ উদ্বোধন
  • ✦ গতিসীমা লঙ্ঘন বা উল্টোপথে গাড়ি চললে এসএমএসে জরিমানা বার্তা 
  • ✦ পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে এই প্রযুক্তি চালুর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ফাইন চালু
১৮ আগষ্ট, ২০২৬ ১২:৪৩  

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে অবস্থিত হাইওয়ে পুলিশের কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে ১৮ আগস্ট মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ব্যবস্থার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ও স্বচ্ছ প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা গ্রহণই এই উদ্যোগের লক্ষ্য বলে অনুষ্ঠানে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, হাইওয়ে পুলিশের এই পদক্ষেপের মাধ্যমে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাফল্য মূল্যায়ন করে পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে এই স্বয়ংক্রিয় প্রযুক্তি চালু করা হবে। একই সাথে মহাসড়কে মালিক, শ্রমিক বা পুলিশের মাধ্যমে যে কোনো চাঁদাবাজি কঠোরভাবে বন্ধের হুঁশিয়ারি দেন তিনি। সিসিটিভি ও এআই ক্যামেরায় এসব অপরাধ রেকর্ড থাকবে বলে তিনি উল্লেখ করেন।

মহাসড়কে অননুমোদিত থ্রি-হুইলার ও লাইসেন্সহীন যানবাহন চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে স্থানীয় ফিডার রোড ব্যবহার ও সিএনজি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেয়ার বিষয়টি শৃঙ্খলার সাথে সমন্বয় করতে হাইওয়ে পুলিশ প্রধানকে নির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির।

প্রকল্পটির আওতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৯০টি পিলারে স্বয়ংক্রিয় এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা নির্ধারিত গতিসীমা অতিক্রম, বিপজ্জনক ওভারটেকিং, ট্রাফিক সিগন্যাল অমান্য, উল্টোপথে যানবাহন চালানো এবং অবৈধ পার্কিং শনাক্ত করবে। আইন লঙ্ঘনের তথ্য সঙ্গে সঙ্গে বিআরটিএ (BRTA) ডেটাবেজে পৌঁছে যাবে এবং নিবন্ধিত মালিকের মোবাইলে এসএমএস যাবে। চালকগণ এমএফএস (MFS)-এর মাধ্যমে ঘরে বসেই জরিমানা পরিশোধ করতে পারবেন। বারবার আইন ভাঙলে যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলের কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 //ডিবিটেক/এফএইচ/এসএমই//