ইউরোপজুড়ে বদলে যাচ্ছে অ্যাপলের অ্যাপ ট্র্যাকিং ও বিজ্ঞাপনের অনুমতি ব্যবস্থা
জার্মানির অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা বিষয়ক কর্তৃপক্ষের দীর্ঘ তদন্তের মুখোমুখি হয়ে অবশেষে অ্যাপের ব্যক্তিগত তথ্য ব্যবহারের নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আইফোন ও আইপ্যাডে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে নির্দিষ্ট বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে। সোমবার জার্মানির কেন্দ্রীয় কার্টেল অফিস আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী চলমান তদন্তের সমাপ্তি ঘোষণা করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
প্রতিযোগিতা আইন ও নতুন নীতিমালা
জার্মান নিয়ন্ত্রক সংস্থার তদন্তে উঠে আসে, অ্যাপলের ‘অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি’ ব্যবস্থার কারণে অন্যান্য অ্যাপ নির্মাতাদের তুলনায় অ্যাপলের নিজস্ব অ্যাপগুলো বেশি সুবিধা পেয়ে আসছিল। গ্রাহকদের কাছ থেকে তথ্য ব্যবহারের অনুমতি নেওয়ার ক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপগুলোর জন্য তৈরি করা পপ-আপে এমন কিছু ভাষা বা প্রতীক ব্যবহার করা হতো, যা গ্রাহকদের সম্মতি দিতে নিরুৎসাহিত করত। ফলে এটি বাজারের স্বাভাবিক প্রতিযোগিতা ব্যাহত করছিল বলে মনে করে কর্তৃপক্ষ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নোটিশ পাওয়ার পর চার মাসের মধ্যে অ্যাপলকে প্রস্তাবিত পরিবর্তনগুলো কার্যকর করতে হবে। পরবর্তী সাত বছর এই প্রক্রিয়ার সঠিক বাস্তবায়ন তদারকি করবেন একজন স্বাধীন ট্রাস্টি।
বিজ্ঞাপন খাত ও ইউরোপীয় ইউনিয়নে প্রভাব
নতুন নিয়মে থার্ড পার্টি বা বাইরের অ্যাপগুলোর সম্মতি চাওয়ার পপ-আপ বার্তাগুলোকে দৃশ্যমান ও ভাষাগত দিক থেকে পুরোপুরি নিরপেক্ষ করতে হবে। এর ফলে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং অন্যান্য অ্যাপ ডেভেলপাররা গ্রাহকদের অনুমতি পাওয়ার ক্ষেত্রে কিছুটা বেশি নমনীয়তা পাবে। মূলত নির্ভরযোগ্য সামাজিক উপাত্তের ভিত্তিতে নির্দিষ্ট গ্রাহককে লক্ষ্য করে দেখানো এসব বিশেষ বিজ্ঞাপন সাধারণ প্রচারণার চেয়ে অনেক বেশি রাজস্ব এনে দেয়।
অ্যাপল জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রায় সব দেশেই এই নতুন নীতি কার্যকর করা হবে। উল্লেখ্য, এর আগে একই বিতর্কিত ট্র্যাকিং ব্যবস্থার কারণে ফ্রান্স ও ইতালি অ্যাপলকে যথাক্রমে ১৫ কোটি এবং ৯ কোটি ৮৬ লাখ ইউরো জরিমানা করেছিল।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





