দেউলিয়া স্পিরিট এয়ারলাইন্সের ব্যবসায়িক তথ্য কিনছে গুগল

দেউলিয়া স্পিরিট এয়ারলাইন্সের ব্যবসায়িক তথ্য কিনছে গুগল
১৯ আগষ্ট, ২০২৬ ০৯:২৭  

দেউলিয়া হয়ে যাওয়া মার্কিন বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ব্যবসায়িক তথ্য ১ কোটি মার্কিন ডলারে কিনে নিচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেটের মালিকানাধীন প্রতিষ্ঠান গুগল। মূলত নিজস্ব পণ্য উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলগুলোকে আরও নিখুঁতভাবে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যেই এই বিশাল পরিমাণ ডেটা অধিগ্রহণ করা হচ্ছে। 

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের আইনি অনুমোদন মিললেই তথ্য হস্তান্তরের প্রক্রিয়াটি চূড়ান্ত রূপ পাবে।

নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখার আশ্বাস
চুক্তির আওতায় গুগলের হাতে তুলে দেওয়া হবে বিমান সংস্থাটির কর্মীদের অভ্যন্তরীণ ইমেইল, মাইক্রোসফট টিমস বার্তা, বিভিন্ন হিসাব-নিকাশের স্প্রেডশিট, ক্যালেন্ডারের শিডিউল এবং প্রতিষ্ঠানের বিপণন ও পরিচালনাসংক্রান্ত নানা উপাত্ত। তবে গ্রাহকদের নিরাপত্তা ও গোপনীয়তা সুরক্ষায় বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে। 

গুগল স্পষ্ট জানিয়েছে, বিক্রি সম্পন্ন হওয়ার আগেই এসব উপাত্ত থেকে যেকোনো ধরনের ব্যক্তিগত শনাক্তকরণ তথ্য এবং সাধারণ গ্রাহকদের তথ্য সম্পূর্ণভাবে মুছে ফেলা হবে, যাতে কারও ব্যক্তিগত পরিচয় প্রকাশ না পায়।

আদালতের অনুমোদন ও বিক্রির প্রেক্ষাপট
স্পিরিট এয়ারলাইন্সের তথ্য বিক্রির এই বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী বুধবারে সংশ্লিষ্ট দেউলিয়া আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। সেখানে মার্কিন বিচারক চুক্তিটির আইনি ভিত্তি ও শর্তাবলী পর্যালোচনা করে চূড়ান্ত রায় দেবেন। 

উল্লেখ্য, এসব বাণিজ্যিক উপাত্ত সংগ্রহের জন্য ‘মার্কর’ নামের একটি এআই ডেটা কোম্পানিও ৭৫ লাখ ডলারের দরপ্রস্তাব করেছিল, তবে সর্বোচ্চ মূল্য হাঁকানোয় গুগলের প্রস্তাবটিই বিবেচিত হচ্ছে।

অতিরিক্ত ঋণের বোঝা এবং বিমানের জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে চলতি বছরের মে মাসে নিজেদের সব ধরনের ফ্লাইট ও বাণিজ্যিক কার্যক্রম চিরতরে বন্ধ করে দিতে বাধ্য হয় স্পিরিট এয়ারলাইন্স। 

বর্তমানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেউলিয়া ঘোষিত প্রতিষ্ঠানটির অবশিষ্ট বিভিন্ন সম্পত্তি ও সম্পদ বিক্রি করে পাওনা শোধের কাজ চলছে। সেই দেনা পরিশোধ ও সম্পদ বিক্রির অংশ হিসেবেই এবার নিজেদের প্রাতিষ্ঠানিক ডেটা গুগলের কাছে হস্তান্তর করতে যাচ্ছে এই উড়োজাহাজ সংস্থাটি।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: রয়টার্স