অস্কার যোগ্যতা হারাচ্ছে এআইয়ের তৈরি অভিনয় ও চিত্রনাট্য
একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস শুক্রবার (১ মে) নতুন অস্কার নীতিমালা ঘোষণা করেছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–এর ব্যবহার সীমিত করতে বেশ কয়েকটি নিয়ম চালু হয়েছে।
এবার থেকে শুধু মানবশিল্পীদের অভিনয়ই অস্কারের জন্য বিবেচিত হবে। নিয়মে বলা হয়েছে, ‘আইনি কৃতিত্ব ও মানবশিল্পীর সম্মতিক্রমে চিত্রায়িত অভিনয়’ ছাড়া কাউকে অস্কারের জন্য মনোনয়ন দেওয়া হবে না। একইভাবে চিত্রনাট্যও পেতে হবে ‘মানবসৃষ্ট’ এবং এআই–নির্ভর চিত্রনাট্য অস্কারের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে।
একাডেমি জানিয়েছে, কোনো সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হলে ‘মানব স্রষ্টা’ বিষয়টি প্রমাণে বাড়তি তথ্য চাওয়ার অধিকার থাকবে সংস্থার।
সম্প্রতি এক স্বাধীন সিনেমায় মৃত অভিনেতা ভ্যাল কিলমারের কৃত্রিম সংস্করণ ব্যবহারের খবর শিরোনাম হয়। এছাড়া এআই ‘অভিনেত্রী’ টিলি নরউড নিয়মিত আলোচনায় থাকেন। এআই ভিডিও মডেলের উন্নতি নির্মাতাদের আশঙ্কায় ফেলেছে। এআইয়ের ব্যবহার নিয়েই ২০২৩ সালে অভিনেতা ও চিত্রনাট্যকার সংগঠনগুলো ধর্মঘটে গিয়েছিল।
হলিউডের বাইরেও একাধিক লেখকের বই এআই ব্যবহারের সন্দেহে প্রকাশনা থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রযুক্তির এই অগ্রযাত্রার মাঝে মানবসৃষ্ট শিল্পকর্মের স্বীকৃতি ও মর্যাদা বাঁচিয়ে রাখতেই অস্কারের এই সিদ্ধান্ত বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।
ডিবিটেক/বিএমটি । সূত্র: টেকক্রাঞ্চ



