এআই প্রশিক্ষণে কর্মীদের কি-বোর্ড ও মাউস ট্র্যাক করছে মেটা

এআই প্রশিক্ষণে কর্মীদের কি-বোর্ড ও মাউস ট্র্যাক করছে মেটা
২২ এপ্রিল, ২০২৬ ০৯:৩৪  

কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) আরও দক্ষ ও স্বয়ংক্রিয় করতে এক অভিনব এবং বিতর্কিত পদক্ষেপ নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি এখন তাদের নিজস্ব কর্মীদের কম্পিউটারের প্রতিটি ‘কি-স্ট্রোক’ বা কি-বোর্ড টাইপিং এবং মাউসের নড়াচড়া রেকর্ড করছে। এই তথ্যগুলো ব্যবহার করা হবে মেটার পরবর্তী প্রজন্মের এআই মডেলগুলোকে প্রশিক্ষিত করার জন্য।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ‘মডেল ক্যাপাবিলিটি ইনিশিয়েটিভ’ নামক একটি অভ্যন্তরীণ টুলের মাধ্যমে মেটা এই তথ্য সংগ্রহ শুরু করেছে। মূলত এআই এজেন্টরা যাতে মানুষের মতো নিখুঁতভাবে কম্পিউটারের বিভিন্ন কাজ, যেমন—ড্রপডাউন মেনু ব্যবহার করা, বাটন ক্লিক করা বা কি-বোর্ড শর্টকাট ব্যবহার করতে শেখে, সেজন্যই এই উদ্যোগ। মেটার মতে, এআই-কে বাস্তব জীবনের অভিজ্ঞতা দিতে কর্মীদের কাজের এই তথ্যগুলো অত্যন্ত মূল্যবান।

তবে এই উদ্যোগটি নিয়ে মেটার ভেতরেই তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অনেক কর্মী একে ‘ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন’ হিসেবে দেখছেন। যদিও মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) অ্যান্ড্রু বসওয়ার্থ জানিয়েছেন, অফিসের ল্যাপটপে এই ট্র্যাকিং থেকে বিরত থাকার বা ‘অপ্ট-আউট’ করার কোনো সুযোগ নেই। 

অন্যদিকে, মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন দাবি করেছেন, সংবেদনশীল তথ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই তথ্যগুলো কেবল এআই প্রশিক্ষণের জন্যই ব্যবহৃত হবে।

বিশ্লেষকরা বলছেন, ইন্টারনেটে মানসম্মত তথ্যের অভাব দেখা দেওয়ায় এখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব কর্মীদের ব্যক্তিগত ও পেশাদার কর্মকাণ্ডকে ডেটা হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। গত সপ্তাহেও বিভিন্ন স্টার্টআপের অভ্যন্তরীণ মেসেজিং প্ল্যাটফর্ম যেমন স্ল্যাক বা জিরা থেকে তথ্য সংগ্রহের খবর পাওয়া গিয়েছিল। মেটার এই নতুন কৌশল কর্মক্ষেত্রে গোপনীয়তা ও নজরদারির প্রশ্নে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে।

ডিবিটেক/বিএমটি  ।  সূত্র: টেকক্রাঞ্চ