হুয়াওয়ে-সিআইডিইউ এআই প্রশিক্ষণে চুক্তি
- সিআইডিইউ হবে হুয়াওয়ে আইসিটি অ্যাকাডেমি
- শিক্ষার্থীরা বিনামূল্যে এআই প্রশিক্ষণ পাবে
- চীনা প্রতিষ্ঠানের চাকরি মেলায় সিভি সংগ্রহ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দক্ষতা উন্নয়ন ও শিল্প-শিক্ষাপ্রতিষ্ঠান সহযোগিতা জোরদারে হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর আওতায় সিআইডিইউ তার নিয়মিত কার্যক্রমের পাশাপাশি হুয়াওয়ে আইসিটি অ্যাকাডেমি হিসেবে কাজ করবে। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইনভিত্তিক এআই প্রশিক্ষণের সুযোগও দেবে হুয়াওয়ে।
১৭ আগস্ট, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সিনো-বাংলা ডে ২০২৬’-এর চাইনিজ এন্টারপ্রাইজ জব ফেয়ারে আয়োজিত অনুষ্ঠানে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। পরে হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
হুয়াওয়ে সাউথ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্সের ম্যানেজিং ডিরেক্টর মা বেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের ডিরেক্টর ড. ইয়াং হুই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতার আওতায় সিআইডিইউ-এর শিক্ষার্থীরা হুয়াওয়ের অনলাইনভিত্তিক এআই প্রশিক্ষণ কর্মসূচিতে বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ পাবেন। এতে গণিতের মৌলিক বিষয়, কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা, ইন্টেলিজেন্ট কালচারাল কম্পিউটিং, এআইয়ের নীতি ও প্রয়োগ, এআই প্রযুক্তি ও প্রয়োগ এবং হুয়াওয়ের এআই প্রসেসর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
হুয়াওয়ের পক্ষ থেকে মা বেন বলেন, “বাংলাদেশের আইসিটি খাতে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করতে হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ। সিআইডিইউ-এর সঙ্গে যৌথভাবে শিক্ষার্থীদের এআইয়ের দক্ষতা বাড়াতে চাই যাতে তাঁরা ভবিষ্যতের জন্য তৈরি হয়ে ওঠে এবং দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে।”
সিআইডিইউ-এর পক্ষ থেকে ড. ইয়াং হুই বলেন, “সুপরিকল্পিত এআই কোর্স ও আন্তর্জাতিক সার্টিফিকেশন অর্জনের সুযোগ আমাদের একাডেমিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড সম্পর্কে আরও বেশি ধারণা পাবে। আমরা বিশ্বাস করি, এই যৌথ প্রয়াস সিআইডিইউ-এর শিক্ষার্থীদের প্রশিক্ষণকে আরও উন্নত করবে। আরও বেশি সংখ্যক শিক্ষার্থী এর ফলে এআইকে ভবিষ্যতে ক্যারিয়ারের একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে উৎসাহ পাবে।”
হুয়াওয়ে আইসিটি অ্যাকাডেমি বৈশ্বিক পর্যায়ে শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও বাস্তব কর্মক্ষেত্রের দক্ষতার ব্যবধান কমাতে সহায়তা করছে প্রতিষ্ঠানটি। এর ফলে শিক্ষার্থীরা ডিজিটাল অর্থনীতির সুযোগ কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন।
চাইনিজ এন্টারপ্রাইজ জব ফেয়ারে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে সিভিও সংগ্রহ করেছে হুয়াওয়ে। এর মাধ্যমে শিক্ষার্থীরা হুয়াওয়েতে চাকরির সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি সরাসরি আবেদন করার সুযোগ পেয়েছেন। প্রতি বছর অনেক নতুন গ্র্যাজুয়েট হুয়াওয়েতে যোগ দিয়ে কর্ম-অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের ক্যারিয়ার গড়ে তোলেন।
//ডিবিটেক/কেআইএইচ/আরএমআই//





