সৃজনশীলতা, নেতৃত্ব ও বাস্তব দক্ষতা বিকাশে সহশিক্ষাক্রমিক আয়োজন
ইউএফটিবিতে শিক্ষার্থীদের ‘অন্যপাঠ’ অনুষ্ঠিত
- এডটিই বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন
- সংগীত, অভিনয়, নৃত্য, কুইজ ও অনলাইন কার্যক্রমে অংশগ্রহণ
- মাইক্রো-টিচিং কোর্সের ব্যবহারিক শিক্ষার সঙ্গে আয়োজনের সংযোগ
গাজীপুর, ১৭ আগস্ট ২০২৬: ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এডটিই) বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে সহশিক্ষাক্রমিক কার্যক্রম ‘অন্যপাঠ’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন শুরু হয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব, সহযোগিতামূলক দক্ষতা ও আত্মবিশ্বাস বিকাশের পাশাপাশি শ্রেণিকক্ষের শিক্ষাকে বাস্তব ও আনন্দময় অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করাই ছিল আয়োজনটির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। বিশেষ অতিথি ছিলেন এডটিই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মুনিরা আকতার লতা। কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক মোঃ আশরাফুজ্জামানসহ বিভাগের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, দলীয় অভিনয়, নৃত্য, কুইজ, বিভিন্ন গেমস এবং অনলাইনভিত্তিক নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসব আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। একই সঙ্গে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা প্রদর্শনের পাশাপাশি দলগতভাবে কাজ করা, দায়িত্ব গ্রহণ, সময় ব্যবস্থাপনা ও যোগাযোগ দক্ষতা চর্চার সুযোগ পান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী শিক্ষার্থীদের এ ধরনের সৃজনশীল ও সহশিক্ষাক্রমিক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করেন। তিনি বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; অভিজ্ঞতা, সৃজনশীলতা, সহযোগিতা ও বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণভাবে গড়ে তোলাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।
তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আনন্দের মাধ্যমে শেখার সুযোগ তৈরি করে এবং তাদের বহুমাত্রিক দক্ষতা বিকাশে ভূমিকা রাখে।
কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক মোঃ আশরাফুজ্জামান জানান, ET 404: Practicum: Micro-Teaching and Simulation কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীরা ‘অন্যপাঠ’ আয়োজন করেন। কোর্সের ব্যবহারিক ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের আয়োজনটির পরিকল্পনা, ব্যবস্থাপনা ও বাস্তবায়নে সম্পৃক্ত করা হয়।
তার মতে, এ কারণে আয়োজনটি শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনের একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
শিক্ষক-শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
//ডিবিটেক/এসএইচ/এমআইএস//





