উচ্চশিক্ষায় এআই ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান
- উচ্চশিক্ষায় এআই, টিভিইটি ও গবেষণার ওপর গুরুত্বারোপ।
- রিভার্স ব্রেইন ড্রেইনে বাংলাদেশকে এডুকেশন হাব করার পরিকল্পনা।
- এসএসসি খাতা পুনর্মূল্যায়নে নতুন নীতিমালা ও সহজ ভিসা নীতি।
বিশ্ববিদ্যালয়গুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, আধুনিক গবেষণা এবং বৈশ্বিক মানদণ্ড নিশ্চিতের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার আহ্বান জানিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ১৭ আগস্ট, সোমবার ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘কিউএস (Quacquarelli Symonds) বাংলাদেশ ফোরাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। “Benchmark Bangladesh: Building World-Class Universities Through Global Standards” প্রতিপাদ্যে আয়োজিত এই কনফারেন্সে দেশের ৯০টিরও বেশি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বিপুল জনসংখ্যাকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভিইটি) মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। কিউএস রেটিংয়ে অগ্রগতি আনতে গবেষণায় জোর দেওয়ার পাশাপাশি 'ক্রস-বর্ডার এডুকেশন' এবং স্মার্ট প্রযুক্তির ব্যবহারের ওপর তিনি গুরুত্ব দেন। 'রিভার্স ব্রেইন ড্রেইন'-এর মাধ্যমে বিদেশে অবস্থানরত মেধাবী শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশকে আন্তর্জাতিক 'এডুকেশন হাব' হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন মন্ত্রী।
সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এবার এসএসসি’র ১২ লক্ষাধিক উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়ায় খাতা পুনর্মূল্যায়নের আওতা নির্দিষ্ট করতে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া বিদেশি শিক্ষার্থী ও বিনিয়োগ আকৃষ্ট করতে দেশের ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিস অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, এআইইউবি-র ট্রাস্টি বোর্ডের সদস্য ইশতিয়াক আবেদীন এবং কিউএস-এর চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান। স্বাগত বক্তব্য দেন কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান ড. অশ্বিন ফার্নান্দেজ।
//ডিবিটেক/ইএপি/এমআইএস//





