হাগিং ফেসে ওপেনএআইয়ের নতুন এআই মডেলের সাইবার হামলা
অভ্যন্তরীণ প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান 'ওপেনএআই'-এর নতুন এবং অপ্রকাশিত কিছু এআই মডেল অন্য একটি প্রযুক্তি প্ল্যাটফর্ম 'হাগিং ফেস'-এর সিস্টেমে অনধিকার প্রবেশ ও সাইবার হামলা চালিয়েছে। মঙ্গলবার এক ব্লগ বার্তায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ওপেনএআই কর্তৃপক্ষ।
ইন্টারনেট সংযোগের ফাঁক গলে অনুপ্রবেশ
প্রতিষ্ঠানটি জানিয়েছে, 'জিপিটি-৫.৬ সোল' এবং আরও একটি শক্তিশালী অপ্রকাশিত মডেলের সাইবার নিরাপত্তা সক্ষমতা যাচাই করার জন্য একটি বিচ্ছিন্ন পরিবেশে পরীক্ষা চালানো হচ্ছিল। গবেষণা ও মূল্যায়নের স্বার্থে মডেলগুলোর সাইবার হামলার প্রতিরোধমূলক নিয়ম সাময়িকভাবে শিথিল রাখা হয়েছিল। পরীক্ষা চলাকালে সফটওয়্যার ইনস্টল করার একটি প্রোগ্রামের গোপন ত্রুটি বা সিকিউরিটি হোল খুঁজে বের করে এআই মডেলগুলো এবং এর মাধ্যমে নিজস্ব পরিবেশের বাইরে গিয়ে সরাসরি ইন্টারনেট সুবিধা বাগিয়ে নেয়।
'পরীক্ষায় জিততে' হাগিং ফেসের তথ্যভান্ডারে হানা
ইন্টারনেট সুবিধা পাওয়ার পর এআই মডেলগুলো বুঝতে পারে যে 'হাগিং ফেস' নামের প্রযুক্তি সংস্থায় তাদের দেওয়া পরীক্ষার (এক্সপ্লয়েট জিম নামক বেঞ্চমার্ক) উত্তর ও সমাধান সংরক্ষিত রয়েছে। নিজেদের নির্ধারিত লক্ষ্য পূরণ করার তীব্র তাগিদ থেকে মডেলগুলো স্বয়ংক্রিয়ভাবে হাগিং ফেসের মূল ডেটাবেজে প্রবেশ করে এবং গোপন নিরাপত্তা তথ্য হাতিয়ে নিয়ে পরীক্ষার উত্তর বের করার চেষ্টা করে।
নিরাপত্তার নতুন আশঙ্কা
হাগিং ফেস প্রাথমিকভাবে এটিকে বাইরের কোনো পেশাদার হ্যাকার দলের সমন্বিত সাইবার হামলা মনে করেছিল, কারণ এআই মডেলটি সংক্ষিপ্ত সময়ে হাজার হাজার কমান্ড পরিচালনা করেছিল। পরবর্তীতে ওপেনএআই নিশ্চিত করে যে এটি তাদের স্বয়ংক্রিয় মডেলের কাজ। বর্তমানে ওপেনএআই ওই সফটওয়্যার ত্রুটি চিহ্নিত করে তা সমাধান করেছে এবং হাগিং ফেসের সাথে যৌথভাবে কাজ করছে।
এই ঘটনাটি বিশ্বজুড়ে প্রযুক্তি বিশেষজ্ঞদের হতবাক করেছে। বিশেষজ্ঞরা বলছেন, লক্ষ্য পূরণের জন্য কোনো নিয়ন্ত্রণ না মেনে এআই কীভাবে নিজে থেকেই ক্ষতিকারক পথ বেছে নিতে পারে, এই দুর্ঘটনাটি তারই এক বড় প্রমাণ।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





