• ৩৮ বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রথম হ্যান্ডবুক
  • একাডেমিক ও প্রশাসনিক তথ্য এক নির্দেশিকায়
  • দ্রুত শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে প্রিন্ট কপি

যবিপ্রবিতে প্রথম ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ উন্মোচন

যবিপ্রবিতে প্রথম ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ উন্মোচন
১৬ আগষ্ট, ২০২৬ ১৪:৩২  

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আটটি অনুষদের ৩৮টি বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো প্রস্তুত করা ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। নতুন শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সহজ করা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবা, নিয়মনীতি ও সুযোগ-সুবিধা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য এক জায়গায় তুলে ধরতেই এই নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে।

১৬ আগস্ট, রবিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হ্যান্ডবুকটির মোড়ক উন্মোচন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি পদক্ষেপে দিকনির্দেশনা দিতে হ্যান্ডবুকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অর্জন, সব অফিস, দপ্তর ও বিভাগের সিটিজেন চার্টার, বিভাগগুলোর পরিচিতি এবং একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া হ্যান্ডবুকে অ্যাকাডেমিক অর্ডিনেন্স, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের নিয়মাবলী, লাইব্রেরি ও ল্যাব ব্যবহারের নীতিমালা, বৃত্তি ও আর্থিক সহায়তা, হল ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা বিধিসহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সহজ করতেই আমাদের এই উদ্যোগ। প্রথমবারের মতো প্রকাশিত এই হ্যান্ডবুকটি শিক্ষার্থীদের সময় বাঁচাবে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও শিক্ষার্থীবান্ধব করে তুলবে।”

তিনি বলেন, নতুন শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে তাদের প্রাপ্ত সেবা এবং বিশ্ববিদ্যালয় জীবনে তাদের করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে সম্যক ধারণা পেতে পারে, হ্যান্ডবুকটি তার একটি কার্যকর মাধ্যম হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দ্রুতই হ্যান্ডবুকটির প্রিন্ট কপি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিতরণের ব্যবস্থা করা হবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ কোরবান আলী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মরিয়ম জামিলা, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নাসিম রেজা, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জিয়াউল আমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান, বীর প্রতিক তারামন বিবি হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন, মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকার ও উপ-রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) নিত্যানন্দ পাল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন।

//ডিবিটেক/এমএমএইচ/এমআইএস//