ইন্ডাস্ট্রি-একাডেমিয়া অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষা ও গবেষণাকে যুগোপযোগী করার উদ্যোগ

যবিপ্রবি ও ৫টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই; দ্রুতই আরও ৫২টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতার আশা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ন্যানোমেটেরিয়ালস অ্যান্ড এনভাইরোনমেন্টাল মেটেরিয়ালস (নেম) ল্যাবের সাথে ৫টি শীর্ষস্থানীয় শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ৫ আগস্ট, বুধবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পারস্পরিক সহযোগিতা’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

যবিপ্রবি ও ৫টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই; দ্রুতই আরও ৫২টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতার আশা
৬ আগষ্ট, ২০২৬ ১৩:৩৮  

শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণার সম্প্রসারণ এবং কর্মসংস্থানমুখী দক্ষ মানবসম্পদ গঠনের লক্ষ্যে ৫টি স্বনামধন্য শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। যবিপ্রবিতে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পারস্পরিক সহযোগিতা’ বিষয়ক সেমিনারে বুধবার (৫ আগস্ট) এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

যবিপ্রবির ন্যানোমেটেরিয়ালস অ্যান্ড এনভাইরোনমেন্টাল মেটেরিয়ালস (নেম) ল্যাবের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন এবং সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রধানরা চুক্তিতে স্বাক্ষর করেন। প্রতিষ্ঠানগুলো হলো— ফেয়ারমেট কেমিক্যাল লি., রাখি কসমেটিকস অ্যান্ড কনজুমার প্রডাক্টস, লুমিনাস গ্রুপ লি., নর্দান এগ্রো সার্ভিস লি. এবং আরআরএফ-এর গ্রীণ বায়োটেক টিস্যু কালচার ল্যাব। নেম ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. জাভেদ হোসাইন খান জানান, খুব শীঘ্রই আরও ৫২টি শিল্প প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, "শিল্পখাত ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে কার্যকর সহযোগিতা প্রতিষ্ঠা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের অংশীদারিত্ব শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা, গবেষণা এবং কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করবে।" তিনি আরও জানান, দেশের প্রতিটি বিভাগীয় শহরে ‘এআই সিটি’ প্রতিষ্ঠা এবং জেলা পর্যায়ে ‘স্পোর্টস ভিলেজ’ গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মিজানুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিল্প উদ্যোক্তাগণ। পরে পরিবেশের ভারসাম্য রক্ষায় যবিপ্রবি ক্যাম্পাসে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন অতিথিরা।

//ডিবিটেক/এনএমজে/এনএপি//