কেএআইএসটি-এর দক্ষ মেন্টরদের তত্ত্বাবধানে ৩ সপ্তাহের নিবিড় আইসিটি প্রশিক্ষণ

আন্তর্জাতিক আইটি অনলাইন ট্রেনিং প্রোগ্রামে নির্বাচিত ইউআইটিএস

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইকিউএসি দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক উদ্যোগ '২০২৬ ওয়ার্ল্ড ফ্রেন্ডস কোরিয়া আইটি অনলাইন ট্রেনিং প্রোগ্রাম'-এ নির্বাচিত হয়েছে। এর আওতায় কোরিয়ার শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান কাইস্ট (KAIST)-এর শিক্ষার্থীরা ইউআইটিএস-এর শিক্ষার্থীদের আধুনিক আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেবে।

আন্তর্জাতিক আইটি অনলাইন ট্রেনিং প্রোগ্রামে নির্বাচিত ইউআইটিএস
৬ জুলাই, ২০২৬ ০০:৫৭  

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কোরিয়ার ন্যাশনাল ইনফরমেশন সোসাইটি এজেন্সির (এনআইএ) সহায়তায় পরিচালিত আন্তর্জাতিক উদ্যোগ "২০২৬ ওয়ার্ল্ড ফ্রেন্ডস কোরিয়া (ডব্লিউএফকে) আইটি অনলাইন ট্রেনিং প্রোগ্রাম"-এ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। এই অনন্য অর্জন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিশ্বমানের তথ্যপ্রযুক্তি শিক্ষার সুযোগ নিশ্চিত করেছে।

এই কর্মসূচির আওতায় কোরিয়ার শীর্ষস্থানীয় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কাইস্ট), ডেজিয়নের মেধাবী শিক্ষার্থীদের একটি দল আগামী ১৩ জুলাই থেকে ৩ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউআইটিএস-এর শিক্ষার্থীদের জন্য নিবিড় অনলাইন আইসিটি প্রশিক্ষণ পরিচালনা করবে। প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, পাইথন প্রোগ্রামিং, ভাইব কোডিং, আধুনিক এআই-সহায়ক সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং অন্যান্য আধুনিক ডিজিটাল প্রযুক্তি বিষয়ে হাতে-কলমে শিক্ষা প্রদান করা হবে।

বিশেষভাবে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য পরিকল্পিত এই কর্মসূচিতে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক প্রকল্প উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা দলগতভাবে একটি উদ্ভাবনী প্রকল্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জমাকৃত প্রকল্পসমূহ যৌথভাবে কাইস্ট ও ইউআইটিএস-এর বিশেষজ্ঞদের দ্বারা মূল্যায়িত হবে এবং সেরা তিনটি দলকে পুরস্কৃত করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই আন্তর্জাতিক সহযোগিতা শিক্ষার্থীদের বিশ্বমানের প্রযুক্তিগত জ্ঞান, উদ্ভাবনী দক্ষতা এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

এই মূল্যবান সুযোগ প্রদানের জন্য ওয়ার্ল্ড ফ্রেন্ডস কোরিয়া প্রোগ্রাম, ন্যাশনাল ইনফরমেশন সোসাইটি এজেন্সি এবং কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইউআইটিএস। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি উদ্ভাবন, গবেষণা এবং বৈশ্বিক সহযোগিতার নতুন দিগন্তে নিজেদের সক্ষমতা আরও বিকশিত করতে পারবে।

//ডিবিটেক/এমএসএইচ/এসএমআই//