ছোট ও নতুন ক্রিয়েটরদের আয়ের পথ কঠিন করছে ইউটিউব
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব থেকে অর্থ উপার্জনের নিয়ম আগের চেয়ে আরও কঠিন করা হচ্ছে। ইউটিউব পার্টনার প্রোগ্রাম-এর শর্তাবলীতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, যা নতুন ক্রিয়েটরদের জন্য বিজ্ঞাপন আয়ের সুযোগ পাওয়াটা আরও চ্যালেঞ্জিং করে তুলবে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই নিয়ম কার্যকর হতে যাচ্ছে।
নতুনদের জন্য নতুন শর্ত
নতুন নিয়ম অনুযায়ী, কোনো চ্যানেল থেকে প্রথমবার বিজ্ঞাপন শেয়ারিংয়ের সুযোগ পেতে হলে অন্তত ১,০০০ সাবস্ক্রাইবারের পাশাপাশি বিগত এক বছরে ৮,০০০ ঘণ্টা ওয়াচ আওয়ার বা গত ৯০ দিনে শর্টস থেকে ২০ মিলিয়ন (২ কোটি) ভিউ অর্জন করতে হবে।
এর আগে এই শর্ত ছিল ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘণ্টা ওয়াচ আওয়ার অথবা ১০ মিলিয়ন শর্টস ভিউ। অর্থাৎ, সাবস্ক্রাইবার সংখ্যা একই রাখা হলেও প্রয়োজনীয় ওয়াচ আওয়ার এবং শর্টসের ভিউয়ের সংখ্যা সরাসরি দ্বিগুণ করা হয়েছে।
বিদ্যমান ক্রিয়েটরদের জন্য নির্দেশনা
বর্তমানে যারা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত রয়েছেন, তাদের জন্য নতুন কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হলে শর্টস ক্রিয়েটরদের প্রতি ৯০ দিনে অন্তত ১০ মিলিয়ন ভিউ ধরে রাখতে হবে। এই সংখ্যা কমে গেলে ক্রিয়েটরদের চ্যানেল প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হবে না, তবে পরবর্তী ৯০ দিনের জন্য বিজ্ঞাপন থেকে আয় বন্ধ থাকবে।
সামগ্রিকভাবে প্ল্যাটফর্মে যুক্ত থাকতে ক্রিয়েটরদের বছরে অন্তত ১,০০০ ঘণ্টা ওয়াচ আওয়ার বা ১ মিলিয়ন শর্টস ভিউ থাকতে হবে। তবে প্রতি ৯০ দিনে ন্যূনতম ২টি দীর্ঘ ভিডিও অথবা ৫টি শর্টস আপলোড করলে এই শর্ত শিথিল থাকবে।
অন্যদিকে, অন্তত ছয় মাস টানা নতুন কোনো কনটেন্ট আপলোড না করলে চ্যানেলকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেবে ইউটিউব।
প্রিমিয়াম লাইট ও প্ল্যাটফর্মের নতুন উদ্যোগ
ইউটিউব জানিয়েছে, নতুন এই কড়াকড়ির ফলে প্ল্যাটফর্মের মান বজায় থাকবে এবং বিজ্ঞাপনের পাশাপাশি অন্যান্য উপায়ে ক্রিয়েটরদের আয় বাড়ানো সম্ভব হবে। এর অংশ হিসেবে ইউটিউব তাদের বিজ্ঞাপনহীন সংস্করণ 'প্রিমিয়াম লাইট' পরিষেবাটি বিশ্বব্যাপী সব দেশে চালু করতে যাচ্ছে। এই পরিষেবার সাবস্ক্রিপশন ফি থেকে অর্জিত রাজস্বের একটি বড় অংশ ক্রিয়েটরদের সঙ্গে শেয়ার করা হবে।
সম্প্রতি নেটফ্লিক্স বা এইচবিও ম্যাক্সের মতো মূলধারার স্ট্রিমিং সেবাগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে ইউটিউব বিভিন্ন ব্যক্তিত্বের শোর একচেটিয়া প্রচার স্বত্ব কিনছে এবং ক্রিয়েটরদের জন্য কনটেন্টকে 'সিজন' আকারে সাজানোর নতুন ফিচার যুক্ত করেছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





