ইন্টারনেট ব্ল্যাকআউটেও চলেছে গণভবনের যোগাযোগ; স্যাটেলাইট ফোনে ভারতে আশ্রয়ের আবেদন ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে দেশজুড়ে নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউট থাকলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গণভবনে বিশেষ প্রযুক্তি নির্ভর গোপন টেলিকম নেটওয়ার্ক সচল রাখা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিজিটাল ফরেনসিক টিম তদন্ত চালিয়ে শেখ হাসিনার এই গোপন টেলিকম নেটওয়ার্ক ও পলায়ন পর্বের চাঞ্চল্যকর তথ্য উন্মোচন করেছে। তদন্তকারী দলের সূত্রে জানা যায়, সারাদেশে সাধারণ সংযোগ বন্ধ থাকলেও গণভবনের ছাদে 'টাওয়ার ডাম্প' বসিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের (বর্তমানে বাংলাদেশ স্যাটেলাইট) বিশেষ ব্যাকআপ ব্যবস্থার মাধ্যমে কনফিগার করে হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করা হতো। এ বিষয়ে ট্রাইব্যুনালের ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, "তখন সারাদেশে ইন্টারনেট বন্ধ থাকলেও বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে গণভবনে ইন্টারনেটের সংযোগ ছিল। কনফিগার করে সেখানে হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করা হয়েছে।" তদন্তে দেখা যায়, ১ আগস্ট পরিস্থিতি আঁচ করতে পেরে শেখ হাসিনা স্বজনদের গোপনে দেশ ছাড়ার বার্তা দেওয়া শুরু করেন এবং ৩ আগস্ট একদফা ঘোষণার পর তার ফোন থেকে অন্তত ৭০টি নম্বরে যোগাযোগ করা হয়, যার মধ্যে ১১টি নম্বরের এনআইডি তথ্য থাকলেও বাস্তবে সেসব ব্যক্তির কোনো অস্তিত্ব নেই। ৪ আগস্ট নিরাপত্তার শঙ্কায় তিনি স্যাটেলাইট ফোন এবং গণভবনের কর্মীদের ব্যক্তিগত নম্বর ব্যবহার শুরু করেন। এই স্যাটেলাইট ফোনেই তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সাময়িক আশ্রয় চান। পরবর্তীতে দিল্লির সবুজ সংকেত পেয়ে হেলিকপ্টারে দেশ ত্যাগের ঠিক পূর্বে এবং কুর্মিটোলার এয়ার মুভমেন্টে অবস্থানকালেও বিদেশে থাকা মেয়ে পুতুলের নামে নিবন্ধিত দেশীয় নম্বরসহ দুটি গোপন ফোনালাপ সারেন। পরবর্তীতে গণভবন থেকে উক্ত স্যাটেলাইট ফোনটি উদ্ধার করা হয়। গুমের মামলায় গ্রেপ্তার সাবেক সেনাকর্তা জিয়াউল আহসান জলসিড়ির বাসায় উচ্চ ক্ষমতার বিদ্যুৎ সংযোগ নিয়ে নিজস্ব গোপন সার্ভার ও ডেটা সেন্টার (‘ডিজিটাল আয়নাঘর’) তৈরি করেছিলেন শেখ হাসিনার যোগাযোগের তথ্য মুছে ফেলার জন্য। ডিজিবাংলাটেক ডটনিউজ-প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা ফোনে নিশ্চিত করেন, "একটি ব্যাংক বা ডেটা সেন্টার চালাতে যেমন অধিক কিলোওয়াট বিদ্যুৎ দরকার, ওই বাড়িতে তেমন বরাদ্দ দেওয়া ছিল।" উদ্ধার করা স্যাটেলাইট ফোনটি বিষয়ে তিনি বলেন, "স্যাটেলাইট ফোনটি গণভবন থেকে উদ্ধার করা হয়েছে। এটি থেকে মেসেজ পাঠানোর পাশাপাশি অডিও কল করা হয়েছে, তবে ভিডিও কলের আলামত মেলেনি। ফোনটি কীভাবে এলো ও কার নামে নিবন্ধিত, তা তদন্তের জন্য চিফ প্রসেকিউটরের কাছে আবেদন করা হয়েছে। তদন্ত সম্পন্ন হলে বিস্তারিত জানা যাবে।"
//ডিবিটেক/ আইএইচ/ এমএসআই//





