আলিবাবার সবচেয়ে শক্তিশালী এআই মডেল উন্মোচন

আলিবাবার সবচেয়ে শক্তিশালী এআই মডেল উন্মোচন
৩ আগষ্ট, ২০২৬ ১৩:৫০  

চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা তাদের এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী ও বৃহৎ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ‘কিউয়েন ৩.৮-ম্যাক্স’ উন্মোচন করেছে। দেশীয় প্রতিদ্বন্দ্বী মুনশট এআইয়ের ‘কিমি কে-থ্রি’ মডেল বাজারে আসার পরপরই আলিবাবার এই সংযোজন আন্তর্জাতিক প্রযুক্তিমহলে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। 

বিশ্বজুড়ে মুক্ত বা ওপেন-ওয়েট এআই মডেল তৈরিতে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বেশ আগ্রাসী ভূমিকা রাখছে। কম খরচে আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার সেই প্রতিযোগিতায় আলিবাবার এই নতুন মডেলটি চীনের অবস্থানকে আরও মজবুত করেছে।

বিশ্বের শীর্ষ তালিকায় অবস্থান
নতুন এই মডেলে ২ দশমিক ৪ ট্রিলিয়ন প্যারামিটার ব্যবহার করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার কর্মক্ষমতা মূল্যায়নের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘অ্যারেনা ডট এআই’-এর সর্বশেষ তালিকা অনুযায়ী, টেক্সট বা লেখা বিশ্লেষণের দিক থেকে এটি চীনে তৈরি যেকোনো মডেলের মধ্যে শীর্ষে জায়গা করে নিয়েছে। 

তবে বৈশ্বিক তালিকায় এটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের ‘ক্লড ফ্যাবেল ৫’ এবং ‘ওপাস’ মডেলগুলোর ঠিক পেছনে রয়েছে। অন্যদিকে ছবি ও ভিজ্যুয়াল কনটেন্ট বিশ্লেষণের ক্ষেত্রে কিউয়েন ৩.৮-ম্যাক্স আন্তর্জাতিক পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে, যেখানে এর সামনে রয়েছে কেবল ক্লড ফ্যাবেল ৫-এর একটি সংস্করণ।

প্রযুক্তিগত ক্ষমতা ও কাজের দক্ষতা
আলিবাবার এই নতুন মডেলটি একই সঙ্গে লেখা, ছবি ও ভিডিও বিশ্লেষণ করতে পারে এবং একবারে ১০ লাখ টোকেন পর্যন্ত তথ্য গ্রহণ করতে সক্ষম। এর ফলে বিশাল কোনো সফটওয়্যারের কোড, দীর্ঘ আইনি নথি কিংবা কয়েক’শ পৃষ্ঠার নথি একবারে পড়ে সমাধান তৈরি করতে পারে এই প্রযুক্তি। মডেলটিকে দ্রুতগতি সম্পন্ন ও অর্থনৈতিকভাবে সাশ্রয়ী করতে এতে ‘মিক্সচার-অফ-এক্সপার্টস’ নকশা ব্যবহার করা হয়েছে। এতে পুরো সিস্টেম একসঙ্গে চালু না হয়ে কাজের ধরন অনুযায়ী নির্দিষ্ট অংশ সচল হয়, যার ফলে প্রতিটি নির্দেশে মাত্র ৯৫ বিলিয়ন প্যারামিটার ব্যবহৃত হয়। 

আলিবাবা জানিয়েছে, মডেলটি মাত্র ১৬ দিনে একটি জটিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে। আগামী সপ্তাহে আলিবাবা ক্লাউডের মডেল স্টুডিও প্ল্যাটফর্মে এটি ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: রয়টার্স