শিক্ষার্থীদের জন্য এআই নিষিদ্ধ করলেন মামদানি

শিক্ষার্থীদের জন্য এআই নিষিদ্ধ করলেন মামদানি
৩ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১৬  

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সরকারি প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ওপর এক বছরের নিষেধাজ্ঞা জারি করেছে নগর কর্তৃপক্ষ। শ্রেণীকক্ষে উদীয়মান প্রযুক্তির সঠিক ব্যবহার ও সুনির্দিষ্ট নির্দেশিকা নির্ধারণের অংশ হিসেবে দেশের বৃহত্তম এই স্কুল ডিস্ট্রিক্ট সবচেয়ে কঠোর নীতি গ্রহণ করল।

এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান, নতুন এই সিদ্ধান্তের ফলে শহরের শ্রেণীকক্ষগুলোতে ব্যবহৃত প্রায় ৪০টি শিক্ষা সহায়ক এআই সফটওয়্যার ও অ্যাপের ব্যবহার আপাতত স্থগিত রাখা হবে। 

তিনি উল্লেখ করেন, শিশুদের যথাযথ বেড়ে ওঠা ও শেখার জন্য শিক্ষক এবং সহপাঠীদের সাথে সরাসরি মানবিক যোগাযোগ সবচেয়ে বেশি প্রয়োজন। সহপাঠীদের সান্নিধ্যে থেকে নিজেদের দক্ষতা বৃদ্ধি করা, শিক্ষকদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং যেকোনো জটিল সমস্যার মুখোমুখি হয়ে তা নিজ বুদ্ধিমত্তায় সমাধানের চেষ্টা করাই শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত।

নতুন এই নীতিমালার প্রভাবে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা প্রায় ছয় লাখ সরকারি স্কুলের শিক্ষার্থী সরাসরি এআই ব্যবহার থেকে বিরত থাকবে। তবে উচ্চ মাধ্যমিক বা হাইস্কুলের শিক্ষার্থীরা বিশেষ কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে এআই প্রযুক্তি ব্যবহারের অনুমতি পাবে। পাশাপাশি শিক্ষকেরা পাঠ পরিকল্পনা তৈরি, ক্লাসের রুটিন প্রস্তুত ও প্রশাসনিক কাজের সুবিধার্থে আগের মতোই এআই ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, ২০২২ সালে চ্যাটজিপিটি বাজারে আসার পরপরই প্রথমবার সাময়িকভাবে এর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল নিউইয়র্ক সিটি। পরবর্তীতে সেই আদেশ তুলে নিয়ে বিশেষায়িত শিক্ষামূলক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছিল। 

তবে শিক্ষার্থীদের ওপর প্রযুক্তির অতিরিক্ত নির্ভরতা কমাতে এবং প্রথাগত শিক্ষার মান বজায় রাখতে এবার এই পূর্ণাঙ্গ বিরতির সিদ্ধান্ত নেওয়া হলো।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: রয়টার্স