মেমোরি চিপ সংকটে বেকায়দায় অ্যাপলের ম্যাকবুক এয়ার
বিশ্বজুড়ে মেমোরি চিপের তীব্র সংকট এবার সরাসরি আঘাত হেনেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ ‘ম্যাকবুক এয়ার’-এর ওপর। ব্লুমবার্গের প্রখ্যাত প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যানের এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য সামনে এসেছে।
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের প্রতিষ্ঠানগুলোর চিপের অতিরিক্ত চাহিদার কারণেই মূলত আন্তর্জাতিক বাজারে এই বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এর আগে এই সংকটের প্রভাব অ্যাপলের কম বিক্রিত ডিভাইস যেমন ‘ম্যাক মিনি’ ও ‘ম্যাক স্টুডিও’র ওপর সীমাবদ্ধ থাকলেও, এবার মূল বিক্রয়পণ্য ম্যাকবুক এয়ারের যোগান স্বাভাবিক রাখতেই চরম হিমশিম খাচ্ছে তারা। খুচরা বিক্রেতাদের মতে, ল্যাপটপটির সরবরাহে এমন টানাটানি আগে কখনো দেখা যায়নি।
ডেলিভারিতে দীর্ঘ বিলম্ব ও বিপণনে বদল
বর্তমানে অ্যাপলের নিজস্ব ওয়েবসাইট থেকে কোনো ম্যাকবুক এয়ার অর্ডার করলে তা গ্রাহকের হাতে পৌঁছাতে চলতি আগস্ট মাসের শেষ, এমনকি কিছু ক্ষেত্রে সেপ্টেম্বর পর্যন্ত লেগে যাচ্ছে। সাধারণত শিক্ষার্থীদের জন্য প্রতিবছর অ্যাপল যে বিশেষ মূল্যছাড় বা প্রচারণার আয়োজন করে, মেমোরি সংকটের কারণে গত জুনে অনুষ্ঠিত হতে যাওয়া সেই কর্মসূচিও পিছিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
শুধু তা-ই নয়, অ্যাপল তাদের সাম্প্রতিক বিপণন নীতিতেও কৌশলগত পরিবর্তন এনেছে। প্রথমবারের মতো তারা বিজ্ঞাপনে ম্যাকবুক এয়ারের পরিবর্তে তুলনামূলক বেশি দামি ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রোর ওপর বেশি জোর দিচ্ছে। একই সঙ্গে বিজ্ঞাপনে স্পষ্ট করে লিখে দেওয়া হচ্ছে যে ম্যাকবুক এয়ারের প্রাপ্তি মূলত বর্তমান মজুতের ওপর নির্ভর করবে।
বিকল্প ব্যবস্থা ও প্রযুক্তি বাজারের ভবিষ্যৎ
পরিস্থিতি সামাল দিতে অ্যাপল ইতিমধ্যে বিশ্ববাজারে পণ্যের দাম কিছুটা বাড়িয়েছে এবং সংকট কাটাতে বিকল্প উৎস থেকে চিপ সংগ্রহের তোড়জোড় শুরু করেছে। বিশেষ করে চীনে বিক্রীত ডিভাইসগুলোর চাহিদা মেটাতে অ্যাপল সেখানকার স্থানীয় চিপ সরবরাহকারীদের কাছ থেকে মেমোরি কেনার চেষ্টা চালাচ্ছে। আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এখন সাধারণ ল্যাপটপের চেয়ে এআই ডেটা সেন্টারের জন্য লাভজনক চিপ তৈরিতে বেশি মনোযোগ দিচ্ছে। এর ফলেই পার্সোনাল কম্পিউটারের বাজারে এই হাহাকার তৈরি হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির দ্রুতগতির প্রসারের কারণে মেমোরি চিপের এই বিশ্বব্যাপী খরা নিকট ভবিষ্যতে সহজে কাটার কোনো লক্ষণ নেই।
ডিবিটেক/বিএমটি । সূত্র: টেকক্রাঞ্চ





