বন্ধ হচ্ছে ইউবিসফটের এনএফটি গেম ‘চ্যাম্পিয়নস ট্যাকটিকস’

বন্ধ হচ্ছে ইউবিসফটের এনএফটি গেম ‘চ্যাম্পিয়নস ট্যাকটিকস’
২ আগষ্ট, ২০২৬ ১৩:৫৮  

সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের ওয়েবথ্রি ও এনএফটি (নন-ফাঞ্জিবল টোকেন) ভিত্তিক গেম ‘চ্যাম্পিয়নস ট্যাকটিকস: গ্রিমোরিয়া ক্রনিকলস’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিল ফরাসি ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফট। কোটাকু-এর এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, গেমটির অফিশিয়াল ডিসকর্ড সার্ভারে এই ঘোষণা দেওয়া হয়। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, অনেক চিন্তাভাবনার পর গেমটি বন্ধ করার কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ অক্টোবর ‘চ্যাম্পিয়নস ট্যাকটিকস’-এর সার্ভার পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

এনএফটির উন্মাদনা ও গেমের পতন
গেমটি ছোট হলেও একটি নির্দিষ্ট ভক্তশ্রেণি ছিল। তবে অনেক খেলোয়াড়ই বেশ আগে থেকে এমন কিছু ঘটার আশঙ্কা করছিলেন। কারণ, গত মে মাসেই ইউবিসফট জানিয়েছিল যে তারা গেমটি থেকে ওয়েবথ্রি সুবিধা সরিয়ে নিচ্ছে। ‘চ্যাম্পিয়নস ট্যাকটিকস’-এর মূল আকর্ষণই ছিল এর যুদ্ধ বা ব্যাটেল ইউনিটগুলো, যা ব্লকচেইন মার্কেটপ্লেসে ডিজিটাল মুদ্রার বিনিময়ে কেনাবেচা করা যেত।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, গেমটি বাজারে আসে ২০২৪ সালে। অথচ এনএফটির উন্মাদনা তুঙ্গে ছিল ২০২১ সালে এবং ২০২২ সালের দিকেই তা স্তিমিত হয়ে পড়ে। প্যারিস হিলটন ও জিমি ফ্যালনের সেই আলোচিত এনএফটি বিনিময়ের প্রায় তিন বছর পর ইউবিসফট এই গেমটি বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছিল, যা অনেকের কাছেই বিস্ময়কর ছিল।

নতুন গেমের দিকে নজর
তবে এখানেই থেমে নেই ইউবিসফট। তারা এখনো এই মডেলটি টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি এখন ‘চ্যাম্পিয়নস ট্যাকটিকস’-এর বর্তমান খেলোয়াড়দের গেমের ভেতরের নানা ধরনের পুরস্কারের লোভ দেখিয়ে ‘মাইট অ্যান্ড ম্যাজিক ফেটস’ নামের আরেকটি নতুন গেমের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। এটি মূলত হার্ডস্টোনের মতো একটি কার্ডভিত্তিক গেম, যেখানে খেলোয়াড়েরা নগদ অর্থ বা ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে ডিজিটাল কার্ড কেনাবেচা করতে পারবেন।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট