লেনোভোর প্রথম গুগলবুকের ছবি ফাঁস

লেনোভোর প্রথম গুগলবুকের ছবি ফাঁস
২ আগষ্ট, ২০২৬ ১১:০৯  

প্রযুক্তি বিশ্বে নতুন গুঞ্জন তৈরি করেছে লেনোভোর আসন্ন গুগলবুক। সম্প্রতি অ্যান্ড্রয়েড হেডলাইনস নামের একটি ওয়েবসাইটে লেনোভোর নতুন দুটি গুগলবুকের ছবি ফাঁস হয়েছে। গত মে মাসে গুগলের ক্রোমওএস-এর নতুন অ্যান্ড্রয়েডভিত্তিক সংস্করণ চালুর ঘোষণায় প্রথম সারির অংশীদার হিসেবে লেনোভোর নাম ছিল। কিন্তু এই সফটওয়্যার ঠিক কোন ধরনের হার্ডওয়্যারে চলবে, তা নিয়ে এত দিন ধোঁয়াশা ছিল। ফাঁস হওয়া ছবিগুলো প্রযুক্তিপ্রেমীদের সেই কৌতূহল অনেকটাই মিটিয়েছে।

নজরকাড়া নকশা ও গ্লোবার প্রযুক্তি
ফাঁস হওয়া ছবিতে তিন ধরনের নতুন ডিভাইসের কি-বোর্ডে গুগলবুকের পরিচিত লোগো দেখা গেছে। এর মধ্যে দুটি ল্যাপটপ, যেগুলোর নকশা অনেকটাই লেনোভোর ক্রোমবুক প্লাস ১৪ মডেলের মতো। অন্যটি একটি টু-ইন-ওয়ান ট্যাবলেট, যার সঙ্গে রয়েছে কিকস্ট্যান্ড এবং কি-বোর্ড। এই ট্যাবলেটের নকশা অনেকটাই আইডিয়াপ্যাড প্রো জেন ২ মডেলের কথা মনে করিয়ে দেয়। ডিভাইসগুলোতে ইউএসবি-সি এবং ইউএসবি-এ পোর্টের সংখ্যায় ভিন্নতা থাকলেও সব কটি গুগলবুকই তৈরি করা হয়েছে আকর্ষণীয় ধবধবে সাদা রঙে।

সবচেয়ে বড় চমক হিসেবে রয়েছে ‘গ্লোবার’ নামের একটি আলোর রেখা। গুগল মনে করছে, এই গ্লোবার প্রযুক্তিই গুগলবুককে বাজারের অন্যান্য ল্যাপটপ থেকে আলাদা করে চিনতে সাহায্য করবে। গুগলের আসন্ন পিক্সেল স্মার্টফোনগুলোতেও এমন আলোর ঝলকানি দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন দিগন্ত
এর আগে গুগল তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত প্ল্যাটফর্মের প্রচারে শুধু একটি অজানা ল্যাপটপের ছবি ব্যবহার করেছিল। ফলে গুগলবুক হিসেবে যে ট্যাবলেটও বাজারে আসতে পারে, এই ধারণা এবারই প্রথম পাওয়া গেল। যদিও ক্রোমওএস এবং অ্যান্ড্রয়েড আগে থেকেই ট্যাবলেটে ব্যবহার করা যায়, তবে গুগলের নতুন এই প্ল্যাটফর্মটি যে শুধু ল্যাপটপের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, ফাঁস হওয়া ছবিগুলো তারই প্রমাণ।

গুগলবুকের নতুন যে ফিচার বা সুবিধাগুলো এর আগে প্রদর্শন করা হয়েছে, তার বেশির ভাগই মাউস এবং কণ্ঠস্বরের নির্দেশনার ওপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ, ‘ম্যাজিক পয়েন্টার’ ফিচারের সাহায্যে মাউস নাড়িয়ে খুব সহজেই গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা জেমিনিকে বিভিন্ন নির্দেশনা দেওয়া যাবে।

গুগলবুক ঠিক কবে বাজারে আসবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে জানায়নি গুগল। তবে চলতি বছরের শেষের দিকে এটি আলোর মুখ দেখতে পারে। যেহেতু এই উদ্যোগটি মূলত তৃতীয় পক্ষের ল্যাপটপ নির্মাতাদের ওপর নির্ভরশীল, তাই গুগলের নিজস্ব স্মার্টফোন উন্মোচনের অনুষ্ঠান থেকে আলাদাভাবেই গুগলবুক বাজারে আসার সম্ভাবনা বেশি। লেনোভোর পাশাপাশি আসুস, ডেল এবং এইচপিও গুগলের এই নতুন উদ্যোগের হার্ডওয়্যার অংশীদার হিসেবে যুক্ত থাকছে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট