চলতি সপ্তাহে এক্সবক্সে আসছে ২৬টি নতুন গেম

চলতি সপ্তাহে এক্সবক্সে আসছে ২৬টি নতুন গেম
১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:০০  

ভিডিও গেমের প্ল্যাটফর্ম এক্সবক্সে চলতি সপ্তাহে (১৬ থেকে ২০ ফেব্রুয়ারি) আসছে ২৬টি নতুন ভিডিও গেম। এর মধ্যে উল্লেখযোগ্য হল ‘স্টার ট্রেক: ভয়েজার – অ্যাক্রস দ্য আননোন’ এবং ‘স্টিক্স: ব্লেডস অব গ্রিড’ । খবর ট্রু অ্যাচিভমেন্টস।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ‘অ্যারিয়াল নাইটস ড্রপশট’ নামের একটি দ্রুতগতির অ্যাকশন শুটার গেম মুক্তি পাচ্ছে । বুধবার (১৮ ফেব্রুয়ারি) আসছে ‘স্টার ট্রেক: ভয়েজার – অ্যাক্রস দ্য আননোন’। এটি একটি গল্পনির্ভর কৌশলগত সারভাইভাল গেম, যেখানে খেলোয়াড়দের স্টারশিপের সম্পদ ও ক্রুদের ব্যবস্থাপনা করতে হবে ।

এর পরদিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মুক্তি পাবে ‘স্টিক্স: ব্লেডস অব গ্রিড’। এই গেমে খেলোয়াড়রা স্টিক্স নামের এক ধূর্ত গবলিন চরিত্রে অভিনয় করবেন, যাকে কোয়ার্টজ নামক একটি মূল্যবান ও বিপজ্জনক সম্পদ উদ্ধারের জন্য চুরি ও অনুপ্রবেশের মতো কাজ করতে হবে।

এছাড়াও একই দিনে ‘ব্যাকরুমস লেভেল এক্স’, ‘হারভেস্ট ক্যাফে’, ‘শোগানার্স’ এবং ‘ক্লেটকা’-সহ একাধিক ভিন্নধর্মী গেম মুক্তি পাওয়ার কথা রয়েছে ।

এক্সবক্স গেম পাস সাবস্ক্রাইবারদের জন্যও সুখবর রয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি ‘অ্যাভাটার: ফ্রন্টিয়ার্স অব পান্ডোরা’ এবং ‘অ্যাভাউড’ গেম দুটি যুক্ত হচ্ছে এই তালিকায় ।

ডিবিটেক/বিএমটি