শিল্প-শিক্ষা খাতের সেতুবন্ধনে ইউসিবিডি ও কারমো গ্রুপের সমঝোতা

শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়াতে সমঝোতা স্মারক সই করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি) ও কারমো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

শিল্প-শিক্ষা খাতের সেতুবন্ধনে ইউসিবিডি ও কারমো গ্রুপের সমঝোতা
১২ জুলাই, ২০২৬ ১৫:৫৬  

শিল্প ও শিক্ষা খাতের মধ্যে কার্যকর সংযোগ জোরদার এবং শিক্ষার্থীদের কর্মদক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি) ও কারমো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

এই অংশীদারত্বের আওতায় শিক্ষার্থীদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, পেশাগত প্রশিক্ষণ, শিল্পখাতসংশ্লিষ্ট জ্ঞানবিনিময়মূলক সেশন এবং ক্যারিয়ার উন্নয়ন কার্যক্রম যৌথভাবে পরিচালনা করবে দুই প্রতিষ্ঠান। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা বাড়িয়ে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও প্রস্তুত হওয়ার সুযোগ পাবেন।

ইউসিবিডির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত। কারমো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক দেওয়ান শাহরিয়ার। অনুষ্ঠানে ইউসিবিডির করপোরেট রিলেশনস বিভাগের জেনারেল ম্যানেজার শাহ ইশা আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে ইউসিবিডির চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত বলেন, “শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে জ্ঞান অর্জন করে, কিন্তু হাতে-কলমে কাজের অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস গড়ে তোলে। কারমো গ্রুপের সঙ্গে এই অংশীদারত্ব শিক্ষার্থীদের কর্মক্ষেত্র সম্পর্কে বাস্তব ধারণা দেবে এবং বর্তমান চাকরির বাজারের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে সহায়তা করবে।”

কারমো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক দেওয়ান শাহরিয়ার বলেন, “শিল্প ও একাডেমিয়ার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ছাড়া দক্ষ মানবসম্পদ তৈরি সম্ভব নয়। এই অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পেশাগত পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করবে।”

প্রতিষ্ঠান দুটির মতে, এ উদ্যোগের মাধ্যমে উচ্চশিক্ষা ও শিল্পখাতের মধ্যে আরও কার্যকর সংযোগ তৈরি হবে। একই সঙ্গে শিক্ষার্থীরা এমন বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন, যা পরিবর্তনশীল ও প্রতিযোগিতামূলক কর্মবাজারে নিজেদের আরও দক্ষ ও প্রস্তুত করে তুলবে।

//ডিবিটেক/বিআরএফপি/ইকে//