‘এআই অ্যান্ড আই’ কর্মসূচি শুরু  করেছে গ্রামীণফোন

‘এআই অ্যান্ড আই’ কর্মসূচি শুরু  করেছে গ্রামীণফোন
১২ আগষ্ট, ২০২৫ ১৫:৫৩  
১২ আগষ্ট, ২০২৫ ১৮:৫৫  

গ্রাহক পর্যায়ে কৃত্রিমবুদ্ধিমত্তার সুবিধা পৌঁছে দিতে এবার নিজেদের কর্মীদের প্রশিক্ষিত করছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। একইসঙ্গে কর্মীদের মধ্য থেকে এআই সল্যুশন বের করে আনতে চালু করা হয়েছে ‘জিপি আইডিয়াথন’। সব মিলিয়ে এআই-ভিত্তিক টেলকো-টেক কোম্পানিতে রূপান্তরের লক্ষ্যে চালু করেছে ’এআই অ্যান্ড আই’ নামের একটি কর্মসূচি। কর্মসূচিতে নেটওয়ার্ক ব্যবস্থাপনা থেকে শুরু করে গ্রাহক সেবা ও বিপণন- সকল কার্যক্রমে যুক্ত করা এআই সেবা বিষয়ে হাতে কলমে পাঠ দিচ্ছেন বিশেষজ্ঞ প্রশিক্ষকেরা। 

গ্রামীণফোনের শীর্ষ ব্যবস্থাপনা পর্ষদ প্রধানদের উপস্থিতিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক সংলগ্ন জিপি হাউসে সব কর্মীদের নিয়ে গত সপ্তাহে ’এআই অ্যান্ড আই’ কর্মসূচির উদ্বোধন করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান। 

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “এআই অ্যান্ড আই অন্য সব কর্মসূচীর মতো নয়, এটি একটি অভিযাত্রার সূচনা। আমরা বিশ্বাস করি ভবিষ্যৎ শুধু এককভাবে এআই-এর ওপর নির্ভর করছে না, বরং এআই ও ব্যক্তি মানুষের যুগপৎ কার্যক্রম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই উদ্যোগের মাধ্যমে আমাদের প্রত্যেক কর্মীর কাছে এআই-এর সুবিধা পৌঁছে দেয়া হবে। ফলে গ্রাহকদের আরো বুদ্ধিদীপ্ত, সহানুভূতিশীল ও প্রাসঙ্গিক সেবা প্রদানে সক্ষমতা বাড়বে আমাদের।”    

তিনি আরো বলেন, “গ্রামীণফোনে আমরা এআই’কে শুধু একটি প্রযুক্তিগত রূপান্তর হিসেবে দেখি না। এটি মানবসম্পদেরও রূপান্তর। এআই অ্যান্ড আই-এর হাত ধরে গ্রাহকদের জন্য আরো স্মার্ট সেবা নিশ্চিত করবো আমরা; কারণ আমাদের মানবসম্পদ হয়ে উঠবে আরো স্মার্ট ও গতিশীল এবং নিশ্চিত হবে তাদের ক্ষমতায়ন।”    

গ্রামীণফোনের পক্ষ থেকে প্রকাশ, নেটওয়ার্ক ব্যবস্থাপনা থেকে শুরু করে গ্রাহক সেবা ও বিপণন- সকল কার্যক্রমে এআই অন্তর্ভুক্তির মাধ্যমে ৮ কোটি ৬০ লাখের বেশি গ্রাহকদের চাহিদা ও পছন্দ অনুযাযী আরো স্মার্ট, দ্রুত সেবা প্রদান করছে অপারেটরটি । ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে  প্রত্যেক গ্রাহকের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী অফার প্রদান, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য ইন্টেলিজেন্ট এইচআর বটের ব্যবহার এবং উন্নত মানের সেবা নিশ্চিত করতে এআই-ভিত্তিক নেটওয়ার্ক অপটিমাইজেশন করেছে। এছাড়াও বাংলাদেশে পথিকৃৎ হিসেবে সিসকোর সহযোগিতায় এবং এনভিআইডিআইএ জিপিইউ প্রযুক্তির মাধ্যমে দেশের প্রথম এন্টারপ্রাইজ উপযোগী ’এআই ফ্যাক্টরি’ চালু করেছে গ্রামীণফোন। এর ফলে উচ্চ গতির এআই মডেলের উন্নয়ন ও বাস্তবায়ন সম্ভব হবে।