‘প্রিয় এজেন্ট’ সেবায় ক্যাশ আউট চার্জ কমালো বিকাশ

বিকাশ ‘প্রিয় এজেন্ট’ সুবিধার আওতায় ক্যাশ আউট চার্জ কমিয়েছে। এখন দুইজন প্রিয় এজেন্টের মাধ্যমে মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৩.৯৫ টাকা চার্জে ক্যাশ আউট করা যাবে।

‘প্রিয় এজেন্ট’ সেবায় ক্যাশ আউট চার্জ কমালো বিকাশ
১২ জুলাই, ২০২৬ ১৬:০৩  

গ্রাহকদের ক্যাশ আউট ব্যয় আরও সাশ্রয়ী করতে নতুন চার্জ ঘোষণা করেছে দেশের মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। নতুন সুবিধার আওতায় গ্রাহকরা দুটি ‘প্রিয় এজেন্ট’ নম্বরে মাসে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৩ টাকা ৯৫ পয়সা চার্জে ক্যাশ আউট করতে পারবেন। এ চার্জের মধ্যে ভ্যাটসহ সব ধরনের প্রযোজ্য ব্যয় অন্তর্ভুক্ত থাকবে।

বিকাশ জানিয়েছে, গ্রাহকরা দেশের যেকোনো প্রান্তে থাকা ৩ লাখ ৫০ হাজারের বেশি এজেন্টের মধ্য থেকে ক্যালেন্ডার মাস অনুযায়ী নিজেদের পছন্দের দুটি এজেন্টকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে নির্বাচন করতে পারবেন। প্রয়োজন হলে মাস শেষে এজেন্ট পরিবর্তনের সুযোগও থাকবে।

‘প্রিয় এজেন্ট’ যুক্ত করতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ক্যাশ আউট অপশনে গিয়ে প্রিয় এজেন্ট মেনু নির্বাচন করে প্রয়োজনীয় ধাপ অনুসরণ করতে হবে। এছাড়া *২৪৭# ডায়াল করে মাই বিকাশ মেনুর প্রিয় নম্বর অপশনের মাধ্যমে ‘প্রিয় এজেন্ট’ নম্বর যুক্ত করা যাবে।

গ্রাহকরা মাসিক কম-চার্জের ক্যাশ আউট সীমা সম্পর্কে বিকাশ অ্যাপের লিমিট অপশন থেকে যেকোনো সময় তথ্য জানতে পারবেন।

তবে মাসে ৫০ হাজার টাকার বেশি ক্যাশ আউট অথবা ‘প্রিয় এজেন্ট’ ছাড়া অন্য এজেন্ট থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে আগের মতোই প্রতি হাজার টাকায় ১৮ টাকা ৫০ পয়সা চার্জ প্রযোজ্য হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
//ডিবিটেক/এমএসআর/ইকে//