আইসিটি বিভাগের উদ্যোগে ঢাবিতে

১৪ জুলাই চালু হচ্ছে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম

  • ১৪ জুলাই ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠিত হবে
  • উদ্বোধন হতে যাচ্ছে একক ডিজিটাল লঞ্চপ্যাড ‘জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম’
  • সম্ভাবনাময় নতুন উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার ফান্ড গঠন

১৪ জুলাই চালু হচ্ছে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম
১২ জুলাই, ২০২৬ ১১:১৩  

তরুণদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়া, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ আগামী ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজন করতে যাচ্ছে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। দেশে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই স্টার্টআপ এবং উদ্যোক্তা ইকোসিস্টেম গড়ে তুলতে এই সমন্বিত কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হবে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’। শনিবার (১১ জুলাই) ঢাবি কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হবে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’। এটি উদ্যোক্তাদের জন্য একটি জাতীয় ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এই একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন উদ্যোক্তারা সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ এবং অংশীদার প্রতিষ্ঠানের খোঁজখবর সহজেই জানতে পারবেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম সংক্রান্ত তথ্য-চিত্র প্রদর্শন, ‘গল্প নয় সত্যি’ শিরোনামে সফল স্টার্টআপের অভিজ্ঞতা বিনিময়, প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের মুক্ত আলোচনা এবং নির্বাচিত স্টার্টআপের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হবে। উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজক সূত্রে প্রকাশ, এটি মূলত উদ্যোক্তাদের জন্য একটি জাতীয় ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের তরুণ, শিক্ষার্থী, গবেষক ও নারী উদ্যোক্তারা সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ এবং অংশীদার প্রতিষ্ঠান সম্পর্কে একটি একক পোর্টাল থেকেই সব ধরণের তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন। এর ফলে সেবাপ্রাপ্তি যেমন সহজ হবে, তেমনি একটি কার্যকর জাতীয় স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬-এ স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে সম্ভাবনাময় নতুন উদ্যোগের অর্থায়ন ও বিকাশের জন্য ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে।

আইসিটি বিভাগের মতে, আজকের একটি ছোট উদ্ভাবনী আইডিয়াই আগামী দিনের বিশ্বমানের বাংলাদেশি প্রতিষ্ঠানের ভিত্তি হতে পারে। নতুন প্রজন্মের উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে তরুণদের উদ্ভাবনী শক্তিকে অর্থনৈতিক অগ্রগতির মূলধারায় যুক্ত করতে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছে বিভাগটি।

//ডিবিটেক/ জেডইউআই/ এসএ//