ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ ফকির মাহবুব আনামের

বিজ্ঞান, টেলিকম ও আইসিটি মন্ত্রীর শোক

  • সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার প্রয়াত হয়েছেন।
  • প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
  • মরহুমের রাজনৈতিক, আইনি ও রাষ্ট্রীয় অবদান গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

বিজ্ঞান, টেলিকম ও আইসিটি  মন্ত্রীর শোক
১২ জুলাই, ২০২৬ ১১:০৬  

বর্ষীয়ান রাজনীতিবিদ, বরেণ্য আইনজীবী, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী, সাবেক স্পীকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।

১২ জুলাই, রবিবার এক শোকবার্তায় মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ও আইনি জগতের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের সুপ্রিম কোর্টের একজন সংবিধান ও আইন বিশেষজ্ঞ হিসেবে তাঁর ভূমিকা ছিল অনন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং জীবনের শেষ দিন পর্যন্ত দলটির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দেশের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

মন্ত্রী তার রাষ্ট্রীয় কাজের স্মৃতি চারণ করে বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে বর্তমান জাতীয় সংসদ ভবনের অসমাপ্ত কাজ সমাপ্তকরণে ভূমিকা রাখেন। এছাড়া আবদুস সাত্তারের মন্ত্রিসভায় ভূমি প্রতিমন্ত্রী, বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তার অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মন্ত্রী আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তার প্রস্থান জাতির জন্য এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

//ডিবিটেক/ এমএমএ/ এসএ//