প্রযুক্তি প্ল্যাটফর্মে যথারীতি প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল
অনলাইন-এসএমএসে মিলবে বৃত্তির ফল
- দুপুর ১২টায় ফল প্রকাশ
- অনলাইন, এসএমএসে জানা যাবে
- ফাঁস বিতর্ক শেষে আনুষ্ঠানিক ঘোষণা
ডিজিটাল শিক্ষা সেবা ও অনলাইন ফলাফল ব্যবস্থাপনার মাধ্যমে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ (রোববার) দুপুর ১২টায় প্রকাশ করা হবে। দীর্ঘ প্রতীক্ষা, নীতিগত বিতর্ক এবং একাধিকবার ফল প্রকাশের সময়সূচি পরিবর্তনের পর শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করছে।
ফল প্রকাশ উপলক্ষে দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে যৌথ প্রেস ব্রিফিং করবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আনুষ্ঠানিক ঘোষণার পরপরই ফল অনলাইনে উন্মুক্ত করা হবে।
শিক্ষার্থীরা ডিজিটাল মাধ্যমে তিনটি উপায়ে ফল জানতে পারবেন—অনলাইন, এসএমএস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) প্ল্যাটফর্মের মাধ্যমে।
এসএমএসে ফল জানতে যেকোনো মোবাইল অপারেটর—টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল অথবা বাংলালিংক থেকে মোবাইলের মেসেজ অপশনে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে, কোনো শিক্ষার্থীর রোল নম্বর 123456 হলে লিখতে হবে DPE 123456 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত ফলাফল ও মার্কশিট দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের IPEMIS পোর্টালে প্রবেশ করে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করতে হবে। এরপর রোল নম্বর, জেলা ও উপজেলা নির্বাচন করে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলে পূর্ণাঙ্গ ফলাফল দেখা যাবে।
এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়।
এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু থেকেই নীতিমালা, আইনি জটিলতা এবং ফল প্রকাশে বিলম্বের কারণে আলোচনায় ছিল। এর মধ্যে আনুষ্ঠানিক ঘোষণার আগেই ঢাকা বিভাগের নয়টি জেলার ফল অনলাইনে উন্মুক্ত হয়ে যাওয়ায় নতুন করে ‘ফল ফাঁস’ বিতর্কের সৃষ্টি হয়। ঘটনাটির পর সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
প্রাথমিকভাবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের পরিকল্পনা করা হলেও পরে ঈদুল ফিতরের আগে, এরপর ঈদের পরে এবং সর্বশেষ জুন মাসের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়। তবে প্রতিবারই তা পিছিয়ে যায়। সর্বশেষ ৯ জুলাই ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হলেও আগাম ফল উন্মুক্ত হওয়ার নজিরবিহীন ঘটনার কারণে সেটিও স্থগিত করা হয়।
সব ধরনের প্রশাসনিক ও প্রযুক্তিগত যাচাই-বাছাই শেষে অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। শিক্ষা সংশ্লিষ্টরা আশা করছেন, অনলাইন ও এসএমএসভিত্তিক ফল প্রকাশ ব্যবস্থা শিক্ষার্থী ও অভিভাবকদের দ্রুত, সহজ এবং স্বচ্ছ উপায়ে ফল জানার সুযোগ নিশ্চিত করবে।
//ডিবিটেক/ ডিবিডি/ এসআই//





