অফিসিয়াল স্থায়ী সিইও পেল ‘ব্লুস্কাই’

অফিসিয়াল স্থায়ী সিইও পেল ‘ব্লুস্কাই’
১২ জুলাই, ২০২৬ ১০:১৮  
১২ জুলাই, ২০২৬ ১২:১৯  

ওপেন-সোর্স ও বিকেন্দ্রীভূত সামাজিক যোগাযোগমাধ্যম ‘ব্লুস্কাই’-এর অন্তর্বর্তীকালীন বা ইনটেরিম সিইও টনি স্নাইডার এবার স্থায়ীভাবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। চলতি বছরের মার্চ মাসে ব্লুস্কাই-এর সাবেক সিইও জে গ্রেবার পদত্যাগ করার পর, কোম্পানির অন্যতম উপদেষ্টা ও বিনিয়োগকারী টনি স্নাইডার সাময়িকভাবে এই পদের হাল ধরেছিলেন। অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে চার মাস সফলভাবে দায়িত্ব পালনের পর তিনি আনুষ্ঠানিকভাবে অ্যাপটির পূর্ণাঙ্গ সিইও হওয়ার ঘোষণা দিলেন।

টনি স্নাইডার তাঁর এক পোস্টে লিখেছেন, "আমি এই দায়িত্বটি গ্রহণ করেছি কারণ আমি আমাদের মূল লক্ষ্যে বিশ্বাস করি; আর তা হলো—উন্মুক্ত এবং বিকেন্দ্রীভূত গণযোগাযোগের প্রযুক্তি তৈরি করা এবং বড় পরিসরে মানুষের কাছে তা পৌঁছে দেওয়া। এই মিশনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা এবং একটি উন্মুক্ত সামাজিক ওয়েব আন্দোলনের অংশ হতে পারা আমার জন্য অত্যন্ত গৌরবের।"

উল্লেখ্য, টনি স্নাইডার জনপ্রিয় সিএমএস প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেসের মূল প্রতিষ্ঠান ‘অটোম্যাটিক’-এর প্রতিষ্ঠাতা সিইও ছিলেন। ২০২১ সাল থেকে ব্লুস্কাই-এর সিইও হিসেবে দায়িত্ব পালন করা জে গ্রেবার মার্চ মাসে পদত্যাগের সময় লিখেছিলেন যে- কোম্পানিটি যত পরিপক্ব হচ্ছে, এর পরিধি বৃদ্ধি এবং তা বাস্তবায়নের জন্য একজন অভিজ্ঞ অপারেটরের প্রয়োজন, যাতে তিনি নিজে আবার তাঁর প্রিয় কাজ ‘নতুন কিছু তৈরির’ দিকে মনোযোগ দিতে পারেন। গ্রেবারের মতে, টনি স্নাইডারই হচ্ছেন সেই "অভিজ্ঞ অপারেটর এবং দূরদর্শী নেতা"। গ্রেবার বর্তমানে ব্লুস্কাই-এর ‘চিফ ইনোভেশন অফিসার’ হিসেবে যুক্ত আছেন।

নিজের পোস্টে স্নাইডার আরও যোগ করেন, "আমরা কেবল এই গল্পের শুরুতে আছি। আমাদের পরবর্তী বড় পদক্ষেপ হতে চলেছে—প্ল্যাটফর্মের ‘অ্যাটমোসফিয়ার’-এর মধ্যে ছোট ছোট ব্যক্তিগত স্পেস এবং আরও প্রাইভেট কমিউনিটি বা গ্রুপ তৈরি করার সুবিধা নিয়ে আসা। আমি বিশ্বাস করি এটি ব্লুস্কাই-এর প্রবৃদ্ধি এবং উদ্ভাবনের পরবর্তী জোয়ার নিয়ে আসবে।" 

এর আগে গত জুন মাসে ব্লুস্কাই ঘোষণা দিয়েছিল যে, চলতি বছরেই তারা রেডিট স্টাইলের কমিউনিটি ফিচার চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো আগ্রহ বা বিষয়ের ওপর ভিত্তি করে নিজেদের গ্রুপ তৈরি করতে পারবেন।

ডিবিটেক/বিএমটি    ।   সূত্র: এনগ্যাজেট