ইউএফটিবি-তে অত্যাধুনিক ‘সাইবার সিকিউরিটি ল্যাব’ উদ্বোধন
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগে অত্যাধুনিক "সাইবার সিকিউরিটি ল্যাব" উদ্বোধন করা হয়েছে।
২৪ জুন, বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ আয়োজিত এক অনুষ্ঠানে ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএফটিবি-র উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু ইউসুফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে সাইবার নিরাপত্তা জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান উপাদান।
দক্ষ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তৈরিতে এই আধুনিক ল্যাবভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ, গবেষণা এবং বাস্তবধর্মী সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান রাকিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে বিভাগীয় চেয়ারম্যান উল্লেখ করেন, প্রতিনিয়ত পরিবর্তনশীল সাইবার হুমকি মোকাবিলায় শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা অর্জন করা জরুরি। নবপ্রতিষ্ঠিত এই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা নেটওয়ার্ক সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, ডিজিটাল ফরেনসিকস, এনক্রিপশন ও সাইবার ডিফেন্স বিষয়ে আধুনিক ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবে।
নতুন এই ল্যাব দেশের সাইবার নিরাপত্তা খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি প্রাতিষ্ঠানিক গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
//ডিবিটেক/এসএ/ডিএইচই//





