সভাপতি ওয়ালিদ, সাধারণ সম্পাদক জাবের; ২১ সদস্যের কমিটি
বাকৃবি ছাত্রফ্রন্টে নতুন নেতৃত্ব নির্বাচিত
- ছাত্রফ্রন্টের ২৬তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- সভাপতি ওয়ালিদ, সম্পাদক জাবের নির্বাচিত
- সম্মেলনে ১৬ দফা দাবি উত্থাপন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (বাসদ–মার্ক্সবাদী)-এর ২৬তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী জায়েদ হাসান ওয়ালিদ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী জাবের ইসলাম।
১০ জুলাই, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের মুক্তমঞ্চে অনুষ্ঠিত সংগঠনটির ১৬তম সম্মেলন শেষে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে অমৃতা মন্ডল ও শামিমা শামিম লাভলী, সহ-সম্পাদক হিসেবে শতাব্দী কর, সাংগঠনিক সম্পাদক হিসেবে সবুজ পাল এবং দপ্তর সম্পাদক হিসেবে রাতুল হাসান দায়িত্ব পেয়েছেন।
সম্মেলনের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি কমরেড সালমান সিদ্দিকী। পরে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর পাদদেশ থেকে একটি র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড রাফিকুজ্জামান ফরিদ। এছাড়া কেন্দ্রীয় শিক্ষা ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক গৌতম কর এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ–মার্ক্সবাদী) ময়মনসিংহ জেলা শাখার সমন্বয়ক কমরেড শেখর রায় বক্তব্য রাখেন।
বক্তারা শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ ১৬ দফা দাবি উপস্থাপন করেন। পাশাপাশি কৃষি শিক্ষার্থীদের কৃষক, কৃষি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সম্মেলনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি সঞ্জয় রায় এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদ। আলোচনা শেষে বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কার্যনির্বাহী কমিটির নাম প্রকাশ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।
//ডিবিটেক/ এএইচ/ এমআই//





