আলিম ও কারিগরি বোর্ডের শনিবারের পরীক্ষাও পিছিয়েছে
বন্যায় পাঁচ জেলায় এইচএসসির আইসিটি পরীক্ষা স্থগিত
- বন্যায় পাঁচ জেলায় আইসিটি পরীক্ষা স্থগিত।
- আলিম ও কারিগরির নির্ধারিত পরীক্ষাও বাতিল।
- নতুন সময়সূচি পরে জানানো হবে
দেশের বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলায় শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ওই অঞ্চলের আলিম ইংরেজি দ্বিতীয়পত্র এবং কারিগরি বোর্ডের হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে।
১০ জুলাই, শুক্রবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্ত জানায়। একই বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়া, বন্যা এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে বোর্ডের আওতাধীন সব জেলার শনিবারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিদ্যুৎ না থাকায় পরীক্ষা স্থগিতের তথ্য মাইকিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় জানাতে কেন্দ্রসচিবদের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং চট্টগ্রাম বোর্ডের সুপারিশের ভিত্তিতে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন সব জেলার এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
তবে দেশের অন্য আটটি শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের আওতার বাইরে থাকা মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শনিবারের নির্ধারিত পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। এবার প্রায় ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের পাঁচ জেলায় ইতোমধ্যে একটি পরীক্ষা স্থগিত হয়েছিল। শনিবারের আইসিটি পরীক্ষাও স্থগিত হওয়ায় সেখানে মোট দুটি পরীক্ষা পিছিয়ে গেল। স্থগিত পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে প্রকাশ করা হবে।
//ডিবিটেক/ এসএ/ ইকে//





