এআই-ফ্রিল্যান্সিংয়ে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্য

প্রতিটি উপজেলায় হবে আইসিটি ল্যাব

  • প্রতিটি উপজেলায় একটি করে আইসিটি ল্যাব স্থাপনের ঘোষণা
  • এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ
  • আইসিটির মাধ্যমে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের

প্রতিটি উপজেলায় হবে আইসিটি ল্যাব
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৮  

দেশের প্রতিটি উপজেলায় একটি করে আইসিটি ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। তিনি বলেন, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আগামী প্রজন্মকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে সরকার কাজ করছে।

শনিবার বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও সদস্যদের মধ্যে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলা ভাষার পাশাপাশি তরুণ যুবকদের ইংরেজি, চাইনিজ ও জাপানি ভাষা শিখতে হবে। জাপান ও চীনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মীর চাহিদা ব্যাপক। তাদের ভাষা শেখার জন্য এবং সংস্কৃতি চর্চা আরও গতিশীল করার জন্য কালচারাল সেন্টার করা হবে। কয়েক মাসের মধ্যেই এআই ও ফ্রিল্যান্সিং শিক্ষাকেন্দ্র করা হবে, যাতে করে মধুপুরের মানুষ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান তারেক রহমানের সরকার মাদক থেকে তরুণ সমাজকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণের চেষ্টা চালাচ্ছেন। তরুণদের কর্মমুখী করার জন্য সারাদেশেই এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।’

মধুপুর ও ধনবাড়ীতে মাদকের বিষয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন উল্লেখ করে মন্ত্রী প্রশাসনকে মাদকের বিরুদ্ধে কঠোর থাকার নির্দেশ দেন। তিনি সাফ জানিয়ে দেন, মাদকের বিষয়ে কাউকে যেন ছাড় দেওয়া না হয়।

সরকারি সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে উল্লেখ করে ফকির মাহবুব আনাম বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বিভিন্ন সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার পাশাপাশি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণের মাধ্যমে উপকারভোগীদের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় মধুপুর উপজেলা প্রশাসন শিক্ষা বৃত্তি ও এসব উপকরণ বিতরণের আয়োজন করে।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন মন্ত্রী। পরে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রতিটি উপজেলায় একটি করে আইসিটি ল্যাব স্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর পরামর্শে আইসিটির মাধ্যমে দেশে ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

এ সময় ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী, খাদ্য ও চিনি কর্পোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান, সহকারী পুলিশ সুপার আরিফুর রহমানসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে ৪ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বর্তমান সময়ে আইসিটি ও এআই গুরুত্বপূর্ণ বিষয়। আগামী প্রজন্ম যাতে এআইসহ তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন করে দেশে ও বিদেশে কাজ করতে পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে।’

//ডিবিটেক/ টিবিপি/এসএমই/এমআইএস//