ডেটা শেষ হলেও সীমিত পরিসরে ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ আনলো গ্রামীণফোন

  • এশিয়ার অন্যতম প্রথম অপারেটর হিসেবে গ্রামীণফোনের নতুন সেবা।
  • ব্যালেন্স ফুরিয়ে গেলেও নোটিফিকেশন, ক্যাপশন ও রিলস ব্রাউজ করা যাবে।
  • মেটা ও টেলিনর লিনক্সের যৌথ পার্টনারশিপে প্রযুক্তিটি চালু হলো।

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ আনলো গ্রামীণফোন
৯ জুলাই, ২০২৬ ১৬:১৮  

গ্রাহকদের সবসময় ইনস্টাগ্রামের মূল ফিচারসমূহের মাধ্যমে কমিউনিটির সাথে যুক্ত রাখার লক্ষ্যে এশিয়ায় প্রথম অপারেটরগুলোর অন্যতম হিসেবে ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। মেটার সাথে কৌশলগত পার্টনারশিপ এবং টেলিনর লিনক্সের প্রযুক্তিগত সহায়তায় এই উদ্ভাবনী সুবিধাটি এনেছে অপারেটরটি।

নতুন এই ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-এর মাধ্যমে গ্রাহকদের রেগুলার ইন্টারনেট বা ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলেও তারা সীমিত পরিসরে ইনস্টাগ্রাম ব্রাউজ করতে পারবেন। এর ফলে নোটিফিকেশন দেখা, পোস্টের ক্যাপশন পড়া, সাধারণ ছবি ও রিলস ব্রাউজ করার মতো প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন ব্যবহারকারীরা, যা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকতে সহায়তা করবে।

প্রযুক্তিগত কার্যকারিতার দিক থেকে, 'ইনস্টাগ্রাম বেসিক মোড' ব্যবহারের সময় গ্রাহকরা যখন আবার ইনস্টাগ্রামের নিয়মিত ও সম্পূর্ণ অভিজ্ঞতা ফিরে পেতে চাইবেন, তখন তারা অ্যাপের ভেতর থেকেই সহজে একটি ডেটা প্যাকেজ কিনতে পারবেন। একটি নিয়মিত ডেটা প্যাক সক্রিয় হওয়ার সাথে সাথেই ইনস্টাগ্রাম অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে তার ফুল-ফিচার মোডে ফিরে যাবে। ফলে আগের মতোই হাই-রেজোলিউশন ছবি, ভিডিও এবং সমস্ত স্ট্যান্ডার্ড কার্যকারিতা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, "গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে প্রতিনিয়ত আমাদের সেবাসমূহকে যুগোপযোগী করার ব্যাপারে বিশ্বাসী গ্রামীণফোন। বর্তমানে ডিজিটাল জীবনধারা দিন দিন আরও বেশি প্রসার লাভ করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকার গুরুত্বও বাড়ছে। এই পরিস্থিতিতে 'ইনস্টাগ্রাম বেসিক মোড' আমাদের গ্রাহকদের ডেটা শেষ হয়ে গেলেও তথ্য জানতে এবং সবার সাথে যুক্ত থাকতে সাহায্য করবে। এই উদ্ভাবনটি সবার জন্য একটি নির্বিঘ্ন এবং গ্রাহক-কেন্দ্রিক ডিজিটাল অভিজ্ঞতা প্রদানের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন।"

//ডিবিটেক/ এমআরপি/ এমআই//