সরকারি কেনাকাটার প্রক্রিয়া দ্রুত করার নির্দেশ অর্থমন্ত্রীর

ই-জিপি-তে লিড টাইম কমলো ৫৪ দিনে

  • সরকারি কেনাকাটার চুক্তি সম্পাদনের সময় আরও কমিয়ে আনার তাগিদ।
  • ই-জিপির (e-GP) কল্যাণে কেনাকাটার সময় ১০০ দিন থেকে ৫৪ দিনে হ্রাস।
  • প্রকল্পের গতিশীলতা বাড়াতে বিপিপিএ (BPPA)-কে গভর্নিং বোর্ডের ৪টি নির্দেশনা।

ই-জিপি-তে লিড টাইম কমলো ৫৪ দিনে
৯ জুলাই, ২০২৬ ১৬:৩৪  

সরকারি কেনাকাটার চুক্তি সম্পাদনের সময় (লিড টাইম) আরও কমিয়ে আনতে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। ই-জিপি (e-GP) ব্যবস্থার সংস্কারের ফলে এই সময় ইতিমধ্যে ৫৪ দিনে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

৯ জুলাই, বৃহস্পতিবার বাংলাদেশ পরিকল্পনা কমিশন ক্যাম্পাসে বিপিপিএ-র সম্মেলন কক্ষে ১০ সদস্যের গভর্নিং বোর্ডের চতুর্থ সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এই নির্দেশনা দেন। সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং গভর্নিং বোর্ডের সিনিয়র ভাইস-চেয়ারম্যান জোনায়েদ সাকি এমপি, আইএমইডি (IMED) সচিব ও ভাইস-চেয়ারম্যান সিরাজুন নূর চৌধুরীসহ বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দরপত্র আহ্বান থেকে শুরু করে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর পর্যন্ত সময়কে মূলত 'প্রকিউরমেন্ট লিড টাইম' বলা হয়।

বিপিপিএ-র প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও কেনাকাটা সংস্কারের প্রশংসা করে মন্ত্রী বলেন, "ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (e-GP) ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে লিড টাইম প্রায় ১০০ দিন থেকে ৫৪ দিনে নামিয়ে আনা অত্যন্ত ইতিবাচক। তবে প্রকল্প বাস্তবায়ন দ্রুত করতে এই সময় আরও কমাতে হবে।" প্রকল্প বাস্তবায়নে বিলম্বের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "দেরিতে প্রকল্প বাস্তবায়ন সরকারের উন্নয়ন এজেন্ডাকে ব্যাহত করে। স্বচ্ছতা, প্রতিযোগিতা এবং ই-জিপি প্রযুক্তির সর্বোচ্চ দক্ষতার মাধ্যমে কেনাকাটার প্রক্রিয়া দ্রুত হলে উন্নয়নমূলক কাজের ফলাফল অনেক উন্নত হবে।"

মন্ত্রী বিপিপিএ-র চলমান আধুনিকায়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, বাধ্যতামূলক ই-জিপি (e-GP) সিস্টেম ও ডিজিটাল সিগনেচার নিশ্চিত করা এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর যথাযথ ডিউ ডিলিজেন্স যাচাইয়ের নির্দেশ দেন। এছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে তিনি প্রতি সপ্তাহে অন্তত একদিন পরিকল্পনা মন্ত্রণালয় অফিস থেকে কাজ করার ঘোষণা দেন।

এর আগে বিপিপিএ-র প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) জনাব এস. এম. মইন উদ্দিন আহমেদ ই-জিপি সিস্টেমের অগ্রগতি, ভবিষ্যৎ কৌশল ও প্রযুক্তির ব্যবহার নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা পেশ করেন।

//ডিবিটেক/ জেইউপি/ এমআই//