সেলেক্সট্রার হাত ধরে দেশে এলো ফিচার ফোন ‘এইচএমডি ১০১’
বাংলাদেশে এইচএমডি মোবাইলের আনুষ্ঠানিক যাত্রা শুরু
- নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি বাংলাদেশে তাদের ব্র্যান্ডের মোবাইল বাজারজাতকরণ শুরু
- স্থানীয়ভাবে উৎপাদিত সাশ্রয়ী মূল্যের প্রথম ফিচার ফোন ‘এইচএমডি ১০১’ উন্মোচন
- দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও আধুনিক সুবিধাসম্পন্ন ফোনটি তৈরিতে প্রযুক্তিগত স্থায়িত্বকে প্রাধান্য
দেশের প্রযুক্তি বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নকিয়া মোবাইল ফোনের মূল প্রতিষ্ঠান হিউম্যান মোবাইল ডিভাইসেস (এইচএমডি)। শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে নিজেদের ব্র্যান্ডের মোবাইল ফোন বাজারজাতকরণ শুরু করেছে ইউরোপভিত্তিক এই প্রযুক্তি জায়ান্ট।
প্রতিষ্ঠানটির প্রথম ডিভাইস হিসেবে দেশের বাজারে আনা হয়েছে সাশ্রয়ী মূল্যের ফিচার ফোন ‘এইচএমডি ১০১’। ফোনটি স্থানীয়ভাবে সেলেক্সট্রার নিজস্ব কারখানায় উৎপাদন করা হচ্ছে। বগুড়ার মম ইন হোটেলে ৭ জুলাই, মঙ্গলবার উত্তরবঙ্গের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উপস্থিতিতে ফোনটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
৯ জুলাই, বৃহস্পতিবার এইচএমডি জানায়, বাংলাদেশে এখনো বিপুলসংখ্যক মানুষ দৈনন্দিন যোগাযোগের জন্য ফিচার ফোন ব্যবহার করেন। পাশাপাশি দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও ডিজিটাল ডিটক্সের সুবিধার কারণে অনেক চাকরিজীবী ও ভ্রমণকারীও সেকেন্ডারি ডিভাইস হিসেবে ফিচার ফোন বেছে নেন। এসব ব্যবহারকারীর চাহিদা ও প্রযুক্তিগত প্রয়োজনীয়তা বিবেচনায় রেখেই নতুন ফোনটি তৈরি করা হয়েছে।
প্রযুক্তিগত স্পেসিফিকেশনের দিক থেকে ‘এইচএমডি ১০১’ ফোনে রয়েছে ১,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি, যা একবার চার্জে টানা সাত ঘণ্টা পর্যন্ত টকটাইম সুবিধা দেবে। ফোনটিতে আরও যুক্ত করা হয়েছে ডুয়াল এলইডি টর্চ, বিল্ট-ইন এমপিথ্রি প্লেয়ার, ওয়্যারলেস এফএম রেডিও এবং স্বয়ংক্রিয় কল রেকর্ডিং সুবিধা। ব্যবহারকারীরা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্ষমতা ৩২ গিগাবাইট (GB) পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।
এইচএমডির ইমার্জিং এশিয়া অঞ্চলের জেনারেল ম্যানেজার বিবেক খান্ডেলওয়াল বলেন, “বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। মানের সঙ্গে আপস না করে সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য প্রযুক্তি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
এইচএমডি বাংলাদেশের বিজনেস ম্যানেজার কাজী আল আমীন বলেন, “ফিচার ফোন এখনো দেশের লাখো মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। উত্তরবঙ্গ থেকে এইচএমডি ১০১-এর যাত্রা শুরু হওয়া আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। নকিয়ার পরিচিত স্থায়িত্ব এবং এইচএমডির আধুনিক সুবিধার সমন্বয় এই ফোনে পাওয়া যাবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলেক্সট্রা লিমিটেডের হেড অব সেলস মামুন খান এবং চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ।
//ডিবিটেক/ এফএইচ/ এমআই//





