প্রযুক্তিনির্ভর যোগাযোগ, পরিচালনগত দক্ষতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান

বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিজিটাল রূপান্তরে গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের কৌশলগত অংশীদারত্ব

বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিজিটাল রূপান্তরে গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের কৌশলগত অংশীদারত্ব
৭ জুলাই, ২০২৬ ১০:৪৬  
৭ জুলাই, ২০২৬ ২১:৪৯  

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (বাংলাদেশ আনসার ও ভিডিপি)-এর সঙ্গে পাঁচ বছরের একটি কৌশলগত অংশীদারত্ব (স্ট্র্যাটেজিক পার্টনারশিপ) চুক্তি স্বাক্ষর করেছে টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বাংলাদেশ। জাতীয় নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বাহিনীটির ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে এই অংশীদারত্ব গড়ে তোলা হয়েছে।

দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযুক্তি ও সংযোগকে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার, পরিচালনগত দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করাই এই অংশীদারত্বের মূল লক্ষ্য।

চুক্তির আওতায়, দেশব্যাপী বাংলাদেশ আনসার ও ভিডিপির কার্যক্রমে আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে সহায়তা করবে গ্রামীণফোন। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটির বিস্তৃত নেটওয়ার্ক, ডিজিটাল দক্ষতা এবং করপোরেট সেবা ব্যবস্থাপনা কাজে লাগানো হবে।

 ৭ জুলাই, মঙ্গলবার গ্রামীণফোনের পক্ষ থেকে জাননো হয়, সম্প্রতি রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন গ্রামীণফোনের হেড অব গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস নুরুল ফেরদৌস মুসান্না এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিরেক্টর (অপারেশনস) মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, বিভিএম।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশীদ, হেড অব ল এনফোর্সমেন্ট এজেন্সিস বিজনেস হেলাল উদ্দিন আহমেদ, গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেসের কি অ্যাকাউন্ট ম্যানেজার কাজী নুসরাত এবং স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার আরমান সিকদার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আনসার ও ভিডিপির পক্ষে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল বায়জিদ মোহাম্মদ তারেক জুনায়েদ, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম, উপপরিচালক (কমিউনিকেশন) কাউসার জাহানসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “জাতীয় অগ্রগতির জন্য প্রযুক্তিকে কাজে লাগাতে উভয় প্রতিষ্ঠানের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন এই অংশীদারত্ব। আমাদের ডিজিটাল অভিজ্ঞতা ও সংযোগসংশ্লিষ্ট সেবার মাধ্যমে বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিজিটাল রূপান্তরের যাত্রায় সহযোগী হতে পেরে আমরা গর্বিত। যৌথভাবে আমাদের লক্ষ্য পরিচালনগত সক্ষমতা জোরদার করা, দক্ষতা বৃদ্ধি করা এবং আরও স্মার্ট ও প্রযুক্তিনির্ভর সেবা চালু করা, যা দেশের মানুষের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।”

বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, “বাংলাদেশ আনসার ও ভিডিপি ধারাবাহিকভাবে আধুনিকায়ন ও পরিচালনগত দক্ষতা বৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। এ যাত্রায় প্রযুক্তিই আমাদের অন্যতম প্রধান চালিকাশক্তি। গ্রামীণফোনের সঙ্গে এই অংশীদারত্ব আমাদের ডিজিটাল সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আরও সংযুক্ত, কর্মতৎপর এবং ভবিষ্যৎ-উপযোগী একটি বাহিনী গড়ে তুলতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।”

এই অংশীদারত্বের মাধ্যমে প্রযুক্তিনির্ভর প্রশাসনিক ব্যবস্থাপনা, উন্নত যোগাযোগ অবকাঠামো এবং ডিজিটাল সেবার বিস্তারের মাধ্যমে বাংলাদেশ আনসার ও ভিডিপির কার্যক্রম আরও কার্যকর ও আধুনিক হবে বলে আশা করছে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান।

//ডিবিটেক/বিসিআই/ইকে//