বহুজাতিক কোম্পানি ‘ভিওন’-এর একীভূতকরণের প্রস্তাব নাকচ; বাজার প্রতিযোগিতা ধরে রাখতে টেলিটক আপগ্রেডের ঘোষণা

টেলিটক বিক্রি হবে না, ‘নগদ’ চলবে প্রশাসকের অধীনেই: টেলিযোগাযোগ মন্ত্রী

রাষ্ট্রায়ত্ব মোবাইল অপারেটর টেলিটক বিক্রি না করে বরং একে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। পাশাপাশি আইনি জটিলতার কারণে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ আপাতত প্রশাসকের মাধ্যমেই পরিচালিত হবে বলে জানান তিনি। বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ভিওন’ (VEON) টেলিটক ও নগদ কিনে নেওয়া বা অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিলেও সরকার নিজস্ব শক্তিতে এগুলো ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

টেলিটক বিক্রি হবে না, ‘নগদ’ চলবে প্রশাসকের অধীনেই: টেলিযোগাযোগ মন্ত্রী
৭ জুলাই, ২০২৬ ১৩:২৩  

রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর ‘টেলিটক’ বিক্রি করা হবে না, বরং বাজার প্রতিযোগিতা বজায় রাখতে একে আরও শক্তিশালী ও আপগ্রেড করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। ৭ জুলাই, মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে তথ্য প্রযুক্তি ও টেলিকম খাতের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

সম্প্রতি বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ‘ভিওন’ (VEON) রাষ্ট্রায়ত্ত দুই প্রতিষ্ঠান টেলিটক ও বিটিসিএল-এর সঙ্গে অংশীদারত্বে আসার আগ্রহ প্রকাশ করে সরকারকে চিঠি দেয়। চিঠিতে টেলিটককে বাংলালিংকের সঙ্গে একীভূত করার এবং একই সাথে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ কিনে নেওয়ার বা বড় বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। গত ২৯ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার বিনিয়োগের অঙ্গীকার করেন ভিওন-এর চেয়ারম্যান অগি কে ফাবেলা। প্রস্তাব অনুযায়ী, প্রতি ডলার ১২৩.২৫ টাকা ধরে ভিওন নিজে ২৫ কোটি ডলার (৩,০৮১ কোটি টাকা) বিনিয়োগ করত এবং বাকি অর্থ বিশ্ববাজার থেকে সংগ্রহে সহায়তা করত। এই বিনিয়োগের মূল ক্ষেত্র হওয়ার কথা ছিল পরবর্তী প্রজন্মের ডিজিটাল অবকাঠামো, ডিজিটাল ব্যাংকিং, এমএফএস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং উন্নত সংযোগ প্রযুক্তি।

তবে ভিওন-এর এই প্রস্তাবের বিপরীতে সরকারের অবস্থান স্পষ্ট করে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, "আমরা বিক্রি করব না, আমরা টেলিটককে আপগ্রেড করব। কারণ এই কম্পিটিশনের বাজারে আমরা যদি না থাকি, তাহলে অন্য অপারেটররা আপনাদেরকে..."।

অন্যদিকে ‘নগদ’ বিক্রি বা হস্তান্তর নিয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আইনি জটিলতার কারণে নগদ আপাতত সরকারি প্রশাসকের মাধ্যমেই পরিচালিত হবে। তিনি বলেন, "নগদ নিয়ে মামলা আছে; সেই মামলা নিষ্পত্তি হলে পরে সরকার সিদ্ধান্ত নেবে।" বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নগদ থেকে ‘হাজার কোটি টাকা লুটপাটের’ যে তথ্য অন্তর্বর্তী সরকারের সময় উঠে এসেছিল, তা উদ্ধারের বিষয়ে মন্ত্রী বলেন, "এগুলো দুদক দেখবে। একবার মানুষের পকেটের টাকা চলে গেলে তা বের করা অনেক কঠিন।"

//ডিবিটেক/আইএইচ/ইকে//