পল্লী উন্নয়ন দিবস: স্মারক ডাক টিকেট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করা হয়। এর পাশাপাশি একটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ডাক বিভাগ প্রতি বছর বিশেষ স্মারক ডাক টিকেট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে। এরই অংশ হিসেবে ৫ জুলাই, রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই স্মারক ডাক টিকিটের উদ্বোধন করেন।
সকালে বিশেষায়িত ডাকটিকেট উন্মোচনের খবর নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানিয়েছেন ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে প্রধানমন্ত্রী এই স্মারক ডাক টিকেট উন্মোচন করেছেন।
স্মারক ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান, ডাক ও টেলিযোগাযোগ সচিব বিলকিস জাহান রিমি ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।
এছাড়া ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
৬ জুলাই, সোমবার দেশব্যাপী ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ পালিত হবে। দিবসটিতে দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি প্রদান এবং দিবসটির তাৎপর্য সর্বসাধারণের সামনে তুলে ধরার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
//ডিবিটেক/পিএমও/আইএইচ//





