অডিটের নামে প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর
কর নথি অডিটে পড়েছে– এমন ভুয়া তথ্য দিয়ে করদাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত একটি প্রতারক চক্র সম্পর্কে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের জনসংযোগ মো. আল আমিন শেখ জানান, সম্প্রতি এক শ্রেণির প্রতারক চক্র করদাতাদের কর নথি অডিটে পড়েছে বলে দাবি করে বিভিন্ন মোবাইল নম্বর থেকে যোগাযোগ করছে। তারা অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে করদাতাদের কাছ থেকে অর্থ দাবি করছে এবং তা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
এ প্রেক্ষাপটে করদাতাদের কয়েকটি বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এনবিআর।
৫ জুলাই, রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী কর নথি অডিট-সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত কোনো মাধ্যমে যোগাযোগ করেন না।
এনবিআর জানায়, যেকোনো বকেয়া কর বা ফি শুধু সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়।
সংস্থাটি আরও জানায়, এ ধরনের সন্দেহজনক কল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে অবিলম্বে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করা উচিত।
কোনো প্রতারক এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে (পুলিশ) অবহিত করার পাশাপাশি প্রতারকের ব্যবহৃত মোবাইল নম্বর সংরক্ষণ করারও অনুরোধ জানিয়েছে এনবিআর।
//ডিবিটেক/ডিএইচই/এমআই//





