আইজেএসওতে বাংলাদেশের ছয় সদস্যের দল ঘোষণা
সোফিয়ায় যাবে ছয় কিশোর বিজ্ঞানী, প্রস্তুতি শুরু ১৫ সেপ্টেম্বর
- সোফিয়ায় আইজেএসও ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ছয় শিক্ষার্থী
- ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিশেষ প্রস্তুতি ও ব্যবহারিক প্রশিক্ষণ
- আইজেএসওতে মোট নম্বরের ৪০ শতাংশ ব্যবহারিক পরীক্ষায় নির্ভরশীল
ঢাকা, ৯ সেপ্টেম্বর, বুধবার: বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় আগামী ২ থেকে ৯ ডিসেম্বর অনুষ্ঠেয় ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২৬)-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ছয় সদস্যের দল। নির্বাচিত শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ধানমন্ডির মাকসুদুল আলম বিজ্ঞানাগারে (ম্যাসল্যাব) বিশেষ প্রস্তুতিমূলক ক্যাম্প ও ব্যবহারিক বিজ্ঞানের প্রশিক্ষণ শুরু হবে।
এবারের বাংলাদেশ দলের ছয় সদস্য হলেন— ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আবরার জাহিন পাঠান, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আহমেদ সাদ, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী কাজী সুনেহরা ইসলাম সমৃদ্ধি, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ সাইফান হায়দার, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মারজানা মানহা এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নাশওয়ান হক মাহির।
এরাই আগামী ডিসেম্বরে সোফিয়ায় বাংলাদেশের হয়ে ২৩তম আইজেএসওতে অংশ নেবে।
জাতীয় চ্যাম্পিয়ন মারজানা
এবারের জাতীয় পর্বের জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দলের সদস্য মারজানা মানহা। ফলাফল ঘোষণার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে সে জানিয়েছিল, এই সাফল্যের জন্য সে দুই বছর ধরে চেষ্টা করে গেছে। তার স্বপ্ন একদিন এমআইটিতে পড়াশোনা করা।
নেতৃত্বে বুয়েট অধ্যাপক
আইজেএসও ২০২৬ বাংলাদেশ দলের প্রধান দলনেতা হিসেবে থাকছেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদী।
সহকারী দলনেতা হিসেবে থাকছেন বিডিজেএসওর কো-অর্ডিনেটর ও সমিতির সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. রেজাউল ইসলাম এবং বিডিজেএসও ২০২৬-এর একাডেমিক কো-অর্ডিনেটর ও সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের প্রজেক্ট ম্যানেজার ফারজানা আক্তার লিমা।
ব্যবহারিক পরীক্ষায় বিশেষ গুরুত্ব
নির্বাচিত ছয় শিক্ষার্থীকে আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য প্রস্তুত করতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ধানমন্ডির মাকসুদুল আলম বিজ্ঞানাগারে বিশেষ প্রস্তুতিমূলক ক্যাম্প ও ব্যবহারিক বিজ্ঞানের প্রশিক্ষণ শুরু হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আইজেএসওতে মোট নম্বরের ৪০ শতাংশ ব্যবহারিক পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে। ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে ব্যবহারিক বিজ্ঞান ও পরীক্ষাগারভিত্তিক দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রস্তুতিমূলক কার্যক্রম শেষে বাংলাদেশ দল আগামী ১ ডিসেম্বর সোফিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে।
বিডিজেএসও থেকে আন্তর্জাতিক মঞ্চে
১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৬)-এর মাধ্যমে এবারের বাংলাদেশ দল নির্বাচন করা হয়েছে।
গত ২৮ আগস্ট রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত জাতীয় পর্বে স্কুল অলিম্পিয়াড ও অনলাইন বাছাই পর্ব পেরিয়ে আসা প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়। সেখান থেকে ৫৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
এরপর ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত তিন দিনের জাতীয় অনাবাসিক ক্যাম্প ও টিম সিলেকশন টেস্টের মাধ্যমে চূড়ান্ত ছয় সদস্যের বাংলাদেশ দল নির্বাচন করা হয়।
২০০৪ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী কিশোর-কিশোরীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক জ্ঞান, দক্ষতা ও পারস্পরিক যোগাযোগ তৈরির উদ্দেশ্যে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
//ডিবিটেক/ এমএম/এসএমই/এমআইএসটি//





